Barak UpdatesHappeningsBreaking News
মাদক পাচার রুখতে সাফল্য, ২৫ পুলিশ কর্তাকে সম্মান দীপায়নের

ওয়ে টু বরাক, ২৬ জুন : বৃহস্পতিবার কাছাড় জেলার ২৫ জন পুলিশ কর্তাকে সম্মান জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ দিন অর্থাৎ ২৬ জুন ছিল আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও পাচার বিরোধী দিবস। এই বিশেষ দিন উপলক্ষেই কাছাড় জেলার পুলিশ কর্তাদের গলায় সম্মান হিসেবে উত্তরীয় পরিয়ে দেন বিধায়ক।
এ দিন রাতে এই অনুষ্ঠানটি হয় কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে। বিধায়ক প্রথমেই সম্মান জানান জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তাকে। এরপর তিনি একে একে সম্মান জানান আইপিএস রজত পাল, এপিএস হেমেন দাস, সদর ওসি অমৃত সিং সহ বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জদের।

এ প্রসঙ্গে দীপায়ন বলেছেন, মাদকের অপব্যবহার ও পাচার রুখে অসম তথা শিলচরকে সুরক্ষিত ও মাদকমুক্ত রাখার ক্ষেত্রে তাদের নিরলস প্রচেষ্টা এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এক ফেসবুক পোস্টে দীপায়ন লিখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার প্রেরণায় এবং কাছাড়ে পুলিশ সুপার মাহাত্তার নেতৃত্বে এই অফিসাররা সাহসী পদক্ষেপ দেখিয়েছেন এবং শিলচর তথা বরাক উপত্যকাকে সুরক্ষিত রেখেছেন।
উল্লেখ্য, গত কিছুদিনে কাছাড় পুলিশ একের পর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীও এ জন্য এক্স হ্যান্ডেলে কাছাড় পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।



