India & World UpdatesHappeningsBreaking News
মহাশূন্যে পাড়ি জমালেন শংকর

ওয়েটুবরাক, ২০ ফেব্রুয়ারি: প্রখ্যাত লেখক মণিশংকর মুখোপাধ্যায় ওরফে শংকর ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
মাস খানেক আগে তিনি, হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়েছিলেন কিছুটা। তবে, শরীরে বড় ধরণের টিউমার ধরা পড়ে। কিন্তু, বয়সের কারণে, অপারেশন থেকে সরে আসেন চিকিৎসকরা। আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে কলকাতার এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, “বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণি শংকর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। ‘চৌরঙ্গী’ থেকে ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ’ থেকে ‘জন অরণ্য’—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখনীর আঁচড়ে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অগণিত গুণগ্রাহীর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”



