Barak UpdatesHappeningsBreaking News
মরাল পুলিশিং, মহিলাকে জুতোর মালা, ধৃত ৫
ওয়েটুবরাক, ২২ মে : স্বামী-স্ত্রীর যৌনাচারের ভিডিয়ো ভাইরাল করার অভিযোগে শিলচরের শহরতলী কুকুবাড়ি এলাকায় এক মহিলাকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয়। তাঁর মাথায় চুন ঢেলে দেওয়া হয়। সবই হয় গ্রাম্য বিচার সভার রায়ে। পরে মহিলার এজাহার পেয়ে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে দুইজন মহিলাও রয়েছেন। ধৃত শৈলবালা দাস, সাধনা দাস, কৃপেশ দাস, কিষান দাস ও রঞ্জিত দাসকে আদালতের নির্দেশে জেলে পাঠানো হয়েছে।
ভিডিয়ো ভাইরাল হওয়া প্রসঙ্গে মহিলার বক্তব্য, যে মোবাইল থেকে তাদের যৌনাচারের ভিডিয়ো ছড়িয়ে পড়ে, সেটি ট্রেনে তার স্বামীর কাছ থেকে খোয়া যায়। সেটি আজ পর্যন্ত তাঁরা পাননি। ওই মোবাইল পেয়ে কেউ ইচ্ছাকৃত ভাবে তাদের অ্যালবামের ভিডিয়ো তাঁদেরই পরিচিতজনদের কাছে পাঠায়।
গ্রাম্য সভা তাঁর যুক্তি মানতে নারাজ। তাদের কথায়, মহিলা অধিক অর্থ রোজগারের লোভে বেশ কিছুদিন ধরে যৌন উত্তেজক নানা বিষয় সমাজ মাধ্যমে পোস্ট করছিলেন। এ তারই কাজ বলে তারা রায় জানিয়ে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, পাঁচজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় জড়িতদের সংখ্যা অনেক বেশি। সবাইকে খুঁজে বার করে আদালতে হাজির করানো হবে।



