Barak UpdatesHappeningsBreaking News
ভাঙ্গারপারে হারাং সেতু ভেঙে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক

ওয়েটুবরাক, ১৮ জুন: কালাইন-শিলচর সড়কের ভাঙ্গারপার বাজার সংলগ্ন সেতু পাথরবোঝাই দুটি ট্রাক নিয়ে ভেঙে পড়ল। তাতে ভাঙ্গারপার তো বটেই , বাইরের সঙ্গে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল, ত্রিপুরা ও মিজোরাম।
১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে হারাং নদীর ওপর ভাঙ্গারপারের এই সেতুটি সংস্কার করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে, এক মাসও হয়নি। এর মধ্যে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
একদিকে, গ্যামন সেতু মেরামতের জন্য কাটিগড়া দিয়ে চলাচল বন্ধ, অন্যদিকে ভাঙ্গারপার সেতু ভেঙে পড়ল। তাতে বর্ষার মরসুমে মহাসঙ্কটে পড়ল উত্তর পূর্বের বিশাল এলাকা। ভাঙ্গারপারের জনতার জন্য সকাল থেকেই এসডিআরএফ বিভাগীয় বোট নিয়ে পারাপার করে চললেও প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
এ ছাড়া, ওই বোটে স্থানীয় জনতার প্রাথমিক সঙ্কটের কিছুটা সুরাহা হলেও উত্তর পূর্বের বৃহত্তর অঞ্চলের যাতায়াত ও পরিবহন ব্যবস্থার কী হবে, এ নিয়েই উদ্বেগে জনতা।
সেতু ভেঙে পড়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমল মাহাত্তা। সকালে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও জেলা পরিষদ সদস্য ফরিদা পারভীন। তাঁরা সেতু মেরামতিতে গাফিলতি এবং পাথর বহনে সিন্ডিকেটকে এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন।



