India & World UpdatesHappeningsBreaking News
বিহারে তিন লক্ষ ভোটারের ঠিকানা ০, ০০, ০০০ নম্বরের বাড়ি!

ওয়েটুবরাক, ১১ আগস্ট: বিহারে ইন্টেনসিভ রিভিশনের পর নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তাতে ০, ০০, ০০০ নম্বরের বাড়ি তিন লক্ষ ভোটারের ঠিকানা। এখানেই শেষ নয়। যত দিন যাচ্ছে, ততই সামনে আসছে এসআইআর নিয়ে একের পর এক অনিয়ম। নতুন সংযোজন ঠিকানা-বিভ্রাট!
বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৩৫টি কেন্দ্রের ৮৭ হাজার ৮৯৮টি বুথের তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে, ২ লক্ষ ৯২ হাজার ৪৮ জন ভোটার ‘০’ নম্বরের ঠিকানায় বাস করেন। মগধ ও পাটনা অঞ্চলেই এমন ঠিকানার সংখ্যা সবচেয়ে বেশি। আটটি বিধানসভা কেন্দ্রের ২ হাজার ১৮৪টি বুথের তথ্য বিশ্লেষণ রয়েই গিয়েছে। প্রশ্ন উঠছে, এসআইআরের সময় বুথ লেভেল অফিসাররা (বিএলও) সব নিয়ম আদৌ ঠিক মতো মেনেছিলেন তো?
জামুইয়ের আমিন গ্রামের বাসিন্দারা যে দাবি করেছেন, তাতে এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। গ্রামবাসীরা জানিয়েছেন, বিএলওদের তাঁরা কোনওদিন গ্রামে আসতেই দেখেননি। বিএলও’র বাড়ি বাড়ি ঘুরে এসআইআরের ফর্ম ফিল-আপের কথা থাকলেও, অফিসে বসেই যাবতীয় কাজ সেরেছেন তাঁরা।
বিহারের ডেপুটি সিইও অশোক প্রিয়দর্শীর দাবি, ফর্ম-ফিল আপের সময় অনেক ভোটার তাঁদের বাড়ির নম্বর দেননি। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট সেই আবেদনও গ্রহণ করেছে। আর তার জন্যই বাড়ির নম্বর ‘০’ দেখাচ্ছে। তাঁরা এই ভুল শুধরে নেবেন বলেও দাবি করেছেন অশোক।



