Barak UpdatesHappeningsBreaking News
বিহাড়ায় গিয়ে ১১০ পরিবারকে কম্বল দিলেন এসবিআই পেনশনাররা

ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর: প্রত্যন্ত বিহাড়া অঞ্চলের ১১০টি পরিবারের মধ্যে শীতের মরশুমে কম্বল বিতরণ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের শিলচর জোনের সদস্যরা। গত ১৭ ডিসেম্বর তারিখে বিহাড়ায় গিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন তাঁরা। এ ব্যাপারে সর্বতোভাবে সহায়তা করে ওই অঞ্চলের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা দেশবন্ধু ক্লাব। তাদের সাহায্যেই সুবিধাভোগীদের তালিকা তৈরি হয় এবং তাদেরই প্রেক্ষাগৃহে ও ব্যবস্থাপনায় সম্পূর্ণ অনুষ্ঠানটি হয়। শুরুতেই এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের শিলচর জোনের সভাপতি শ্বাশত বাদশা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন এবং কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরও যে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে সেই কথা স্মরণ করিয়ে দেন।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শশধর চক্রবর্তী বলেন, ১৭ ডিসেম্বর ন্যাশনেল পেনশনার্স ডে । তাই তাঁরা এই দিনটিকে কম্বল বিতরণের জন্য বেছে নিয়েছেন। এই কাজে সাহায্যের হাত প্রসারিত করার জন্য তিনি দেশবন্ধু ক্লাবকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে দেশবন্ধু ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নিবাস দাস, সম্পাদক অজিত রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কানাইলাল ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তাগণ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের শিলচর জোনের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মানস দাস, শিমুল নন্দীমজুমদার, নিলয় দত্ত, রামকৃষ্ণ দেব , বকুল নাথ, শান্তনু সেনগুপ্ত, প্রতিমা পাল দাস, বাদল ঘোষ, গৌতম চ্যাটার্জি, গৌতম দাশগুপ্ত, দীপক দেব, জোতির্ময় চৌধুরী, চন্দন চক্রবর্তী, মানব বিকাশ চক্রবর্তী সহ আরও ত্রিশজন সদস্য।

সুবিধাভোগীরা প্রত্যেকেই নিজেদের প্রতিক্রিয়ায় নিজেদের খুশি ব্যক্ত করেন। দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকেও পেনশনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে তারাও অনুরূপ কাজে তাদের স্বতঃস্ফূর্ত যোগদানের কথা জানিয়ে রাখেন। প্রসঙ্গত, এই বিশেষ কর্মসূচির সম্পূর্ণ ব্যয় পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তাঁরা তাঁদের নিজস্ব আয়ের উৎস থেকে বহন করেন।
এর আগে গত ১৪ এবং ২৪ সেপ্টেম্বর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনে শিলচর জোন সোনাই এবং পালংঘাট অঞ্চলে ক্রমে ১২৭ এবং ৫০ জন শিশু ও কিশোর-কিশোরীর মধ্যে নতুন পোশাক বিতরণ করে।



