Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব শ্রবণ দিবসে নানা কার্যসূচি কাছাড় এন এইচ এমের, রোটারির পোস্টারিং

ওয়েটুবরাক, ২ মার্চ: বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে নানা কার্যসূচির আয়োজন করে এন এইচ এমের কাছাড় জেলার জাতীয় বধিরতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি। সোমবার এই কার্যসুচির সুচনা করা হয় নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে। শোভাযাত্রা, পথনাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসচেতনতা আয়োজনের মাধ্যমে এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় কর্মসূচির নোডাল অফিসার তথা চিবিটাবিচিয়া মডেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ইএনটি বিশেষজ্ঞ ডাঃ জুরি শর্মা। স্থানীয় নরসিংপুর বালিকা মধ্যবঙ্গ বিদ্যালয়, গোলকনাথ এলপি, নতুনবাজার গান্ধীজি এলপি স্কুলের ছাত্রছাত্রী, স্থানীয় জনগণ, হাসপাতালের কর্মকর্তা ও ধলাই স্বাস্থ্যখন্ডের আরবিএসকে-এর সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এদিনের কর্মসূচিতে প্রথমে এক শোভাযাত্রা বের করা হয়। পরে নরসিংপুর এমপিএইচসি চত্বরে শ্রবণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে নাটক উপস্থাপন করেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি উপস্থিতদের সামনে দিনটি উদযাপনের প্রাসঙ্গিকতা, কানের যত্ন, শ্রবণশক্তির ক্ষমতা হ্রাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামুলক বক্তব্য পেশ করেন ডাঃ জুরি শর্মা। বিশ্ব শ্রবণ দিবসে এবছরেরম মুল থিম, ‘সম্প্রদায় থেকে শ্রেণিকক্ষ পর্যন্ত সকল শিশুর জন্য শ্রবণ সেবা নিশ্চিত করা’ নিয়েও আলোকপাত করেন ডাঃ শর্মা। এসময়ে উপস্থিত ছিলেন ডাঃ সুশান্তি ওইনাম, ডাঃ মঈদুল ইসলাম, ফার্মাসিস্ট আতাব উদ্দিন, এন এইচ এমের খন্ড সংযোজক অভিজিৎ রায় সহ অন্যান্যরা।
নগর প্রাথমিক বিদ্যালয়ে আশাকর্মীদের এনিয়ে বিশেষ এক প্রশিক্ষণ দেন ডাঃ জুরি শর্মা। আশাকর্মীরা যাতে তাদের নিয়মিত গৃহ পরিদর্শনে গিয়ে শিশুর কানের যত্ন বিষয়ে মায়েদের শিক্ষিত করে তুলতে পারেন।
এদিকে, শিলচর এস এম দেব অসমারিক হাসপাতালে শিলচর রোটারি ক্লাবের সহযোগিতায় বিশ্ব শ্রবণ দিবসে শ্রবণ শক্তি হ্রাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে পোস্টারিং করা হয়। রোটারি ক্লাবের পক্ষে এসময়ে উপস্থিত ছিলেন ডাঃ রজত ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার জাতীয় বধিরতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি প্রধান এবং হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, বিশ্ব শ্রবণ দিবস বছরের প্রতি ৩ মার্চ পালিত হয়। এবারে হোলির জন্য একদিন আগে এই দিনটি পালন করা হয়।



