Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব রক্তদাতা দিবসে ব্লাড ডোনার্স ফোরামের সচেতনতা র্যালি

ওয়ে টু বরাক, ১৪ জুন : বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এরই অঙ্গ হিসেবে ১৪ জুন, শনিবার সকাল সাড়ে ৭টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে রক্তদান বিষয়ক এক সচেতনতামূলক র্যালি বের হয়। এতে সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থার (ডি এস এ)। প্রারম্ভে পদযাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল ও সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।
কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের ডিরেক্টর পদ্মশ্রী ডাঃ রবি কান্নান রক্তদানের বিভিন্ন উপকারিতা নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি পদযাত্রার সূচনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিতোষ পাল (আশু) জানান, ২০০৩ সাল থেকে “বিশ্ব রক্তদাতা দিবস” সারা দুনিয়া জুড়ে পালিত হচ্ছে। অসম সরকার তা পালন করছে ২০০৫ সাল থেকে। কিন্তু বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ২০০৪ সাল থেকেই এই মহান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। এ নিয়ে ফোরামের সদস্যরা অবশ্যই গর্বিত হওয়ার অধিকারী।
সচেতনতামূলক পদযাত্রা জেলা ক্রীড়া সংস্থার (ডি এস এ) ময়দান থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা, শিলংপট্টি, গান্ধীবাগ হয়ে ডিএসএ-তেই শেষ হয়। পদযাত্রা চলাকালীন রক্তদানের বিভিন্ন উপকারিতা সহ রক্তদান করলে কী হয়, কারা করতে পারবে, এ ধরনের বিভিন্ন তথ্য তুলে ধরেন কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ।
পদযাত্রায় যোগদান করে শিলচর জেলা ক্রীড়া সংস্থা, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার, বরাক ব্লাড সেন্টার, ভারত বিকাশ পরিষদ, মাড়োয়ারি যুব মঞ্চ, রূপম সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা, শিলচর বড় মসজিদ, আর্য এনজিও, মর্নিং ক্লাব, প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার, লায়ন্স ক্লাব অব শিলচর অনন্ত, লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচার, লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান, লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার, লিও ক্লাব অব শিলচর গ্রেটার, লিও ক্লাব অব শিলচর সিগনেচার।
বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, মহিলা শাখার সভানেত্রী সিক্তা পাল, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ দিলোয়ার হোসেন সহ ফোরামের কেন্দ্রীয় কমিটি, কাছাড় জেলা কমিটি এবং মহিলা শাখার বিভিন্ন পদাধিকারী এবং সদস্যরা সচেতনামূলক পদযাত্রায় শামিল হন।
উল্লেখ্য, কার্ল ল্যান্ডস্টেইনার ১৮৬৮ সালের ১৪ জুন অস্ট্রিয়ার ভিয়েনা শহরে জন্মগ্রহণ করেন। বিভিন্ন গবেষণা করে ১৯০১ সালে তিনি রক্তের এ-বি-ও গ্রুপ আবিষ্কার করেছিলেন। এই অবদানকে স্বীকৃতি দিতে ২০০৩ সাল থেকে তাঁর জন্মদিন সারা পৃথিবীতে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হচ্ছে সকল স্বেচ্ছা রক্তদাতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানানোর জন্য। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন।



