India & World UpdatesHappeningsBreaking News
বিজিবি ফেরালেও ফের অসম দিয়ে পুশব্যাক ওড়িশার ১৪ বাঙালিকে

ওয়েটুবরাক, ১০ জানুয়ারি: ওড়িশানিবাসী ১৪ জন বাঙালিকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর পর তাদের ধরে বিএসএফের কাছে হস্তান্তর করে দিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কিন্তু ফের তাদের পুশব্যাক করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ।
নদীয়ার গেদে সীমান্ত দিয়ে গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পুশব্যাক করা হয়েছিল ওড়িশার জগৎসিংপুর জেলার এরসামা থানার অম্বিকা গ্রামের স্থায়ী বাসিন্দা ওই পরিবারকে। গত ২৮ ডিসেম্বর চুয়াডাঙা সীমান্তে ফ্ল্যাগ মিটিংয়ের পর ‘ভারতীয়’দের হস্তান্তর করে দিয়েছিল বিজিবি। তাঁদের আত্মীয়-স্বজনের অভিযোগ, ওড়িশায় না পাঠিয়ে অসম সীমান্ত দিয়ে দ্বিতীয়বারের জন্য তাঁদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করে দিয়েছে বিএসএফ।
এই ঘটনার পর ওই পরিবারের ১৪ জন সদস্যের মধ্যে ন’জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গিয়েছে বলে পরিবারের সূত্রে জানা গিয়েছে। তাঁরা এখন সিলেটের একটি গ্রামে আশ্রয় নিয়েছেন। তবে খোঁজ নেই বাকি পাঁচজনের। তাঁরা কোথায় আছেন , কী অবস্থায় আছেন, কোনও খবর নেই বলে দাবি আত্মীয়দের। ফলে চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের। কীভাবে পরিবারের কর্তা বৃদ্ধ শেখ জব্বর সহ বাকিরা দেশে ফিরবেন, সেটা নিয়েই এখন চিন্তিত সবাই।



