India & World UpdatesHappeningsBreaking News
বাণিজ্য সমঝোতা ভারত-আমেরিকায়, যৌথ বিবৃতি প্রকাশ

ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি: ভারতীয় পণ্যের উপর শুল্ক কমাল আমেরিকা। কিছু ক্ষেত্র পুরোপুরি শুল্কমুক্তও করে দিল। পাশাপাশি আমেরিকার বাজারে আরও বেশি জায়গা পেতে কিছু ক্ষেত্রে নমনীয় হতে হল ভারতকেও। যে কৃষিক্ষেত্রকে এত দিন আগলে রাখা হয়েছিল, তা-ও আংশিক খুলে দিতে হল আমেরিকার জন্য।
নয়াদিল্লির বক্তব্য, সংবেদনশীল কৃষিজাত ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে ভারতীয় কৃষকদের স্বার্থে কোনও কোপ পড়বে না। যেমন, ভুট্টা, চাল, গম, সয়াবিন, পোলট্রিজাত পণ্য, দুধ, চিজ়, তামাক, ইথানল (জ্বালানি)— এ গুলির ক্ষেত্রে কোনও শুল্কছাড় দেয়নি ভারত। এই ক্ষেত্রগুলিতে শুল্ক যেমন ছিল, তেমনই থাকবে।
যৌথ বিবৃতি অনুযায়ী, বাদাম, তাজা ফল, সয়াবিন তেল, পশুখাদ্য হিসাবে ব্যবহৃত শুকনো খাদ্যশস্য বা ডিডিজিএস (ডিস্টিলার্স ড্রায়েড গ্রেইনস উইথ সলিউবল্স), পশুখাদ্যের লাল জোয়ার এবং ‘অতিরিক্ত পণ্য’-এর জন্য আমেরিকাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ভারতের বাজারে। একাংশের ব্যাখ্যায়, যে কৃষিজ পণ্যগুলির জন্য দরজা খোলা হয়েছে, উচ্চবিত্ত পরিবারেই সেসবের ব্যবহার বেশি। ফলে প্রান্তিক কৃষকদের জন্য তা সেই অর্থে হুমকির কারণ নয়।



