Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের ৫০-তম প্রতিষ্ঠা দিবস ৮ জানুয়ারি

ওয়েটুবরাক, ৬ জানুয়ারি: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আগামী ৮ জানুয়ারি বৃহস্পতিবার পঞ্চাশে পা দিচ্ছে। ওইদিন থেকে বছরব্যাপী পর্যায়ক্রমে সম্মেলনের সুবর্ণজয়ন্তী উৎসব নানা কার্যক্রমে বিভিন্ন অঞ্চলে উদযাপন করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তাঁরা বলেন, আগামী ৮ জানুয়ারি ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের মধ্য দিয়ে অন্যান্য আঞ্চলিক সমিতির সঙ্গে শিলচরেও সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা হবে। ওইদিন সকাল সাড়ে দশটায় শিলচর বঙ্গভবনে হবে সম্মেলনের পতাকা উত্তোলন। সন্ধ্যা ৫টায় সম্মেলনের অতীত নিয়ে স্মৃতিচারণ এবং সংগঠনের প্রবীণ সদস্য ও পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান।
সম্মেলনের প্রয়াত কেন্দ্রীয় সহ-সভাপতি ইমাদ উদ্দিন বুলবুলের লেখা গ্রন্থের (বরাকের ইতিহাস ও ঐতিহ্যের উৎস সন্ধানে” তৃতীয় খণ্ড) উন্মোচন এবং তাঁকে মরণোত্তর সম্মাননাও প্রদান করা হবে সেদিনের পঞ্চাশের অনুষ্ঠানে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক কার্যক্রমেরও।
বিকেল পাঁচটায় সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন সংগঠনের শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ ও সম্পাদক সুশান্ত কুমার সেন।
কাছাড় জেলায় কাটিগড়া এবং লক্ষীপুর আঞ্চলিক সমিতির উদ্যোগেও সম্মেলনের সুবর্ণ জয়ন্তী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।



