Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের বাংলা ডিপ্লোমা কোর্সে আবেদন শুরু

ওয়েটুবরাক, ২১ আগস্টঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের তত্ত্বাবধানে পরিচালিত দূর শিক্ষা কেন্দ্রের বাংলা ভাষা ডিপ্লোমা পাঠক্রমে (ডিসিবিএল) ভর্তির জন্য আবেদন পত্র আহ্বান করা হয়েছে। আজ ২১ আগস্ট থেকে আবেদন পত্র গ্রহণ শুরু হয়েছে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। অসম সরকারের স্বীকৃত যে কোনও বোর্ড বা কাউন্সিলের মাধ্যমিক পরীক্ষা বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা এক বছরের এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ডিসিবিএলের অবৈতনিক রেজিস্ট্রার ড. সব্যসাচী রায় জানিয়েছেন, আবেদন গ্রহণ করা হবে শুধুই অনলাইনে। https://barakbanga.in এই লিঙ্কে। আবেদন পত্র গৃহীত হলে আগামী ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় বসতে হবে। অফলাইনে পরীক্ষা নেওয়া হবে শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দিতে। ওই ভর্তি পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর পেলে ২২ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে যে কোনও একদিন বঙ্গভবনে ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সেখানেও আবেদনকারীকে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে। ২৭ সেপ্টেম্বর ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশিত হবে। ৯ থেকে ১২ অক্টোবরের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তি মাশুল ৬১০০ টাকা বলে একইসঙ্গে জানানো হয়েছে।
ড. রায় বলেন, অসম সরকারের স্বীকৃত বাংলা ভাষা পাঠক্রমে ভর্তির জন্য বাংলা বর্ণমালার প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। ৩০ নম্বরের লিখিত পরীক্ষায় অক্ষরজ্ঞান, সংখ্যা, বানান, শব্দার্থ, অনুবাদ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং বাক্য রচনায় গুরু্ত্ব দেওয়া হবে। ২০ নম্বরের সাক্ষাৎকার ভিত্তিক পরীক্ষায় বাংলা পঠন, কথোপকথন ও হস্তলিপির নমুনা পরীক্ষা করা হবে।



