Barak UpdatesHappeningsBreaking News

বরাকে দুই এপি জয় তৃণমূল কংগ্রেসের

ওয়েটুবরাক, ১২ মে : অসম বিধানসভায় বেশ কয়েক বার প্রতিনিধি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এ বার খাতা খুলল পঞ্চায়েত নির্বাচনেও। বরাক- ব্রহ্মপুত্র উভয় উপত্যকায় জয়ী হয়েছেন দলের প্রার্থীরা। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, একেবারে সাধারণ মানুষের মধ্যে সংগঠনকে পৌঁছে দেওয়া গিয়েছে, এই ফল তারই সাক্ষ্য বহন করছে। প্রদেশ সভাপতি রমেন বরঠাকুর এ জন্য সর্বস্তরের কর্মীদের কৃতিত্ব দেন, জানান কৃতজ্ঞতাও।

শ্রীভূমি জেলার বিনোদিনী আঞ্চলিক পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন তৃণমূলের ফয়েজ আহমেদ। কাছাড় জেলার গোবিন্দপুর আলগাপুর আঞ্চলিক সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন ফরিদা বড়ভুইয়া। মঙ্গলদৈর বান্দিয়া পঞ্চায়েতে বিজয়ী হলেন আকাশ আলি। দামপুরে নতুন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হয়েছেন তৃণমূলের বদর আলি শইকিয়া। সমরিয়ার আচলপুরে বিশাল ব্যবধানে জিতলেন সফিকুল ইসলাম।

 পঞ্চায়েত নির্বাচনের সার্বিক ফলাফলে তৃণমূলের জয় পরিসংখ্যানগত দিক থেকে নগণ্য হলেও বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত জয়লাভকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজয়ীদের সবাই মুসলিম সম্প্রদায়ের বলে একে নিয়ে বিভিন্ন দিক থেকে চর্চা চলছে। একাংশের অভিমত, তৃণমূল বিজেপির ভিতে বিন্দুমাত্র চিড় ধরাতে পারেনি। বরং বিভাজন ঘটিয়েছে বিরোধী ভোটে।

সুস্মিতা অবশ্য এমন বিশ্লেষণ মেনে নিতে নারাজ। তিনি জানান, তাঁদের লড়াই হয়েছে বিজেপি-অগপ জোট এবং কংগ্রেসের বিরুদ্ধে। তাঁরা সারা রাজ্যে ২৮টি জেলা পরিষদ এবং ৪৪টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী দিয়েছিলেন। এর মধ্যে শুধু পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করলেও প্রায় সব আসনে শক্ত লড়াই হয়েছে বলে দাবি করেন সুস্মিতা।

তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে এ বার পঞ্চায়েত নির্বাচনে লড়েন তাঁরা। মাঠে নেমে টের পেয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসমের মানুষের ভালোবাসা লোকসভা নির্বাচনের চেয়ে অনেকটা বেড়েছে। তৃণমূল স্তরে তৃণমূল কংগ্রেসের ভোট প্রাপ্তি আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলকে অনেকটা এগিয়ে দিল বলে মন্তব্য করেন সুস্মিতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker