Barak UpdatesHappeningsBreaking News

বঙ্গ সাহিত্যের তিনদিনের কেন্দ্রীয় অধিবেশন ৩০ জানুয়ারি থেকে হাইলাকান্দিতে

ওয়েটুবরাক, ১৭ জানুয়ারি: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৩১তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন এবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত হবে। তিনদিনের এই অধিবেশনের উদ্বোধন হবে ৩০ জানুয়ারি। শহরের বঙ্গভবন, নজরুল সদন ও রবীন্দ্র ভবন গ্রন্থাগারের সামনে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, বহুভাষিক কবি সম্মেলন, সাহিত্য আসর, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান অধিবেশনের অভ্যর্থনা সমিতির সভাপতি তথা বঙ্গ সাহিত্যের হাইলাকান্দি জেলা সভাপতি ইন্দিরা ভট্টাচার্য, উপদেষ্টা নীতিশ ভট্টাচার্য, সংগঠনের কেন্দ্রীয় সমিতির সহ-সভাপতি মানিক চক্রবর্তী।

তাঁরা বলেন, ১৯৭৭ সালে সম্মেলনের প্রতিষ্ঠা হয়। এই বছরটি বঙ্গ সাহিত্যের সুবর্ণজয়ন্তী বর্ষ। গৌরবের এই বিষয়টি এবারের অধিবেশনকে অন্য মাত্রা দিতে চলেছে। তাই ৩০ জানুয়ারি রবীন্দ্রভবনে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানকে তাঁরা নজরকাড়া করতে চান। তাতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করা হয়েছে সাহিত্য-সংস্কৃতি জগতের বিশিষ্ট জনদের। অভ্যর্থনা সমিতির কর্মকর্তারা অবশ্য এখনই তাঁদের নাম ঘোষণা করতে চাননি।

তাঁরা বলেন, প্রথম দিনেই অনুষ্ঠিত হবে প্রতিনিধি সম্মেলন। তিন জেলার প্রতিনিধিরা তাতে সামিল হয়ে বিগত দিনের সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনা করবেন, ভবিষ্যৎ রূপরেখাও তৈরি করবেন। এই দিনেই হবে আগামী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় সমিতি গঠন। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কবি সম্মেলন, শিশু মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা চক্র ইত্যাদি।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শংকর চৌধুরি, তীর্থঙ্কর চক্রবর্তী, শতানন্দ ভট্টাচার্য, আশুতোষ দাস, মিঠু লাল চৌধুরি, রণেন্দ্র নারায়ণ দে, অভিজিৎ মিত্র। তাঁরা অধিবেশন সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান জানান।

প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় সমিতির সভাপতি পদে রয়েছেন অধ্যাপক রাধিকা রঞ্জন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker