India & World UpdatesHappeningsBreaking News

প্রয়োজনে ইরানে সেনা নামানোর ইঙ্গিত ট্রাম্পের

ওয়েটুবরাক, ৩ মার্চ: ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা উস্কে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, ‘গ্রাউন্ড অপারেশন’ নিয়ে কোনও অস্বস্তি নেই তাঁর মধ্যে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ইরানে সেনা নামানোর প্রয়োজন পড়বে না বলেই মনে করছেন ট্রাম্প। তবে সত্যিই যদি সেনা নামানোর প্রয়োজন পড়ে, তাহলে পিছু হটবেন না বলেও জানিয়ে রেখেছেন।

তিনি আরও বলেন, ইরানে চার-পাঁচ সপ্তাহ লাগতে পারে ভেবেই নেমেছিলেন তাঁরা। তার বেশি সময় লাগলেও, যুদ্ধচালিয়ে যাওয়ার ক্ষমতা আছে আমেরিকার। ইরানের বিরুদ্ধে ইতিমধ্যেই বড় সাফল্য মিলেছে বলেও দাবি করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “যত সময় লাগে লাগুক।”

তবে শুধুমাত্র ট্রাম্প নন, আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও ইরানে সেনা নামানোর সম্ভাবনা খারিজ করেননি। পেন্টাগন থেকে বিবৃতি দেওয়ার সময় জানান, আমেরিকা কত দূর যেতে পারে, তা এভাবে ঘোষণা করলে বোকামি হবে। তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে যে বিপদের ঝুঁকি রয়েছে, তা নির্মূল করে তবেই ছাড়বেন তাঁরা। দেখবেন, ইরানের নৌবাহিনীর অস্তিত্বই যেন না থাকে, পরমাণু অস্ত্র যেন হাতে আর না ওঠে তাদের।

আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার জবাবে পাল্টা আঘাত হানতে শুরু করেছে ইরানও। ইজ়রায়েলে যেমন ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে তারা, উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করেও লাগাতার হামলা চলছে। এখনও পর্যন্ত আমেরিকার চার সৈনিকের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। অন্য দিকে, ভুলবশত আমেরিকার যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে কুয়েত। এমন পরিস্থিতিতে আমেরিকা ইরানে সেনা নামালে শুধু পশ্চিম এশিয়াই নয়, গোটা বিশ্বের গায়েই যুদ্ধের আঁচ লাগবে বলে মনে করছেন কূটনীতিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker