NE UpdatesHappeningsBreaking News
প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দিতে নির্দেশ দিল এনসিএলটি, জানিয়েছে জাকরু

ওয়েটুবরাক, ৯ ডিসেম্বরঃ বন্ধ হয়ে যাওয়া অসমের দুই কাগজকলের কর্মীদের জমানো প্রভি়ডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল (এনসিএলটি)। সে জন্য তাদের একুশ দিন সময় দেওয়া হয়েছে। সোমবার ট্রাইবুনালের রায়ের কথা জানিয়ে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়ন (জাকরু) নেতৃবৃন্দ বলেন, ৩ ডিসেম্বর ওই রায় দেওয়া হয়। সেই হিসেবে আর পনেরো দিন অপেক্ষা করব। এর মধ্যে ট্রাইবুনালের রায় কার্যকর করা না হলে তাঁরা একদিকে ফের আইনি পথে যাবেন, অন্যদিকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সাংবাদিক সম্মেলন ডেকে জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী এনসিএলটির রায়কে ল্যান্ডমার্ক বলে উল্লেখ করেন। তিনি বলেন, আইনি লড়াইয়ের পর জয়ের সুসংবাদ এলো। তাঁর কথায়, আজ আমাদের কাছে বিজয় দিবস। প্রভিডেন্ট ফান্ডের টাকা এখন সুদসমেত মিটিয়ে দিতে হবে।
শাসকদলকে একহাত নিয়ে মানবেন্দ্র বলেন, বিজেপি ক্ষমতায় গিয়েই কাগজকল দুটি বন্ধ করে দেয়। এর দরুন দুশ্চিন্তা ও বিনা চিকিৎসায় এ পর্যন্ত 130জনের মৃত্যু হয়েছে। চারজন আত্মহত্যা করেছেন। কিন্তু শাসক দলের কারও সহযোগিতা মেলেনি। জাগীরোড এলাকায় স্থানীয় বিধায়ক হিসেবে পীযূষ হাজরিকা তবু মৃতদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন। বরাক উপত্যকায় এরও বালাই নেই। এ দিনের সাংবাদিক সম্মেলনে জাকরুর সাধারণ সম্পাদক আনন্দ বরদলৈও উপস্থিত ছিলেন।



