Barak UpdatesHappeningsBreaking News
পুরনো পেনশন প্ৰকল্প চালু করার দাবিতে সম্মেলন

ওয়ে টু বরাক, ১০ এপ্ৰিল : পুরনো পেনশন প্ৰকল্প ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত হল সরকারি কৰ্মচারীদের সম্মেলন। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের সৰ্বভারতীয় সভাপতি বিজয় কুমার বন্ধু। অন্যতম বক্তা হিসেবে ছিলেন ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের ডিফেন্স কো-অৰ্ডিনেটর প্ৰেম সাগর৷
এ দিন বিকেল চারটে থেকে দমদম এস্টেটের কমিউনিটি হলে এই সম্মেলন শুরু হয়৷ এতে রাজ্যের বিভিন্ন প্ৰান্তের সরকারি কৰ্মচারীরা অংশ নেন৷ মঞ্চে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কৰ্মচারী সংস্থার প্ৰবীণ সদস্য কানু ধরও৷ বক্তারা যে কোনও মূল্যে নতুন পেনশন প্ৰকল্প বাতিল করে পুরনো পেনশন প্ৰকল্প চালু করার বিষয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন৷
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কৰ্মচারী সংস্থার প্ৰবীণ সদস্য কানু ধর জানান, এ দিনের সম্মেলনে প্ৰচুর সংখ্যক সরকারি কৰ্মচারী যোগ দিয়ে পুরনো পেনশন প্ৰকল্প চালু করার আন্দোলনকে এক নতুন গতি এনে দিয়েছেন৷ তিনি জানান, আগামীতে বিভিন্ন রাজ্যে এধরনের সম্মেলন আয়োজন করা হবে৷ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে কেন্দ্ৰীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে৷
তিনি আশাবাদী, কেন্দ্ৰীয় সরকার মুখে যেখানে ‘এক দেশ এক নীতি’র কথা বলে আসছে, ফলে একদিন সরকারি কৰ্মচারীদের এই দাবিও মেনে নেবে৷ তাছাড়া, একই দেশের সরকারি কৰ্মচারীদের জন্য দুই নীতি কেন হবে, এই বিষয়েও আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি৷



