NE UpdatesHappeningsBreaking News
নেলি হত্যাকাণ্ড : প্রকাশ পাবে বেসরকারি কমিশনের রিপোর্টও

ওয়েটুবরাক, ২৪ নভেম্বর: নেলি-গহপুর হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গঠিত সরকারি-বেসরকারি উভয় কমিশনের রিপোর্ট চার দশক পর আগামী বিধানসভার অধিবেশনে পেশ করার সিদ্ধান্ত চূড়ান্ত করল হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা। আগেই ঘোষণা করা হয়েছিল যে, সরকারি ভাবে গঠিত তেওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা হবে। আজ রবিবারের বৈঠকে মন্ত্রীবর্গ একই সঙ্গে বেসরকারি ভাবে তথা আন্দোলনকারীদের দ্বারা গঠিত মেহতা কমিশনের রিপোর্টও প্রকাশ করার সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত জানাতে গিয়ে কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বারবার বলেন, “এই দলটির বর্তমান নেতৃত্বের কোনও ম্যাচুরিটি নেই।” তিনি আগের নেতৃত্বেরও তীব্র সমালোচনা করেন। বলেন, কমিশন গঠন করে রিপোর্ট প্রকাশ করার সাহস ছিল না আগের মুখ্যমন্ত্রীদের। তিনি সাহসিকতার সঙ্গে তা করতে চলেছেন, কংগ্রেসের বর্তমান নেতারা কোথায় একে স্বাগত জানাবেন, কিন্তু তা না করে আপত্তি করছেন। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াকে তিনি স্মরণ করিয়ে দেন, ইন্দিরা গান্ধী তিওয়ারি কমিশন গঠন করেছিলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে এর তদারকি করেছিলেন তাঁর পিতা হিতেশ্বর শইকিয়া। তিনি কংগ্রেস নেতাদের এই বলে সতর্ক করে দেন যে, ইতিহাস লুকনো অপরাধ । ইতিহাস কাউকে ক্ষমা করে না। তিনি যে তাগিদ থেকে এই রিপোর্ট প্রকাশ করতে চলেছেন, তা কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের করা উচিত ছিল। কারণ কী কারণে নেলী-গহপুরে তিন হাজারের বেশি মানুষকে প্রাণ হারাতে হল, তা রাজ্যবাসীকে জানানোর প্রয়োজন রয়েছে। রিপোর্টে যে আসুর সমালোচনা রয়েছে, সে কথা জানিয়ে হিমন্ত বলেন, তা জেনেও তাঁরা রিপোর্ট প্রকাশে সায় জানিয়েছে, তা প্রশংসনীয়।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে নেলীতে একরাতে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এর তদন্তে সে সময় সরকারি তরফে গঠন করা হয়েছিল টিপি তেওয়ারি কমিশন।



