NE UpdatesHappeningsBreaking News
নিবৃত্তির পর খুলল দেবী কামাখ্যা মন্দিরের দ্বার, ভক্তদের বিশাল ভিড়

গুয়াহাটি : চারদিন অম্বুবাচীর পর বৃহস্পতিবার সকালে খুলে দেওয়া হল মহা শক্তিপীঠ মা কামাখ্যা মন্দিরের দ্বার। বৃহস্পতিবার শেষ রাতে অম্বুবাচী নিবৃত্তির পর নিত্যনৈমিত্তিক পূজা অর্চনা শেষে ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। অম্বুবাচীর চার দিন লক্ষাধিক ভক্ত মায়ের আশিস কামনা করে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান।
২২ জুন বিকেল ২টা ৫৬ মিনিটে অম্বুবাচী প্রবৃত্তির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল কামাখ্যা মন্দিরের দ্বার। বৃহস্পতিবার সকালে মা কামাখ্যা মন্দির প্রাঙ্গণ পরম্পরা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করার পর নববসনা দেবীর প্রতিমূর্তিতে পূজা অর্চনা করা হয়। নিবৃত্তির পর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর প্রায় পাঁচটা নাগাদ খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভ গৃহের মূল দ্বার।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহস্পতিবার সকালে কামাখ্যা মন্দিরের পুরোহিত কবীন্দ্র শর্মা এই পবিত্র সময়ের কথা ঘোষণা করেন। মন্দির খোলার সঙ্গে সঙ্গে দেবী দর্শন করে আশীর্বাদ লাভের জন্য লক্ষ লক্ষ ভক্ত উদ্বেল হয়ে পড়েন মন্দির প্রাঙ্গণে। মন্দির খোলার পর দেবী দর্শনের জন্য ভক্তদের বিশাল লম্বা লাইন নজরে পড়েছে। তবে এবার কোন ভিভিআইপি বা ভিআইপির জন্য দেবী দর্শনের বিশেষ ব্যবস্থা ছিল না।
এদিন সকালে মন্দির চত্বরে এসে উপস্থিত হন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। অম্বুবাচী নিবৃত্তির পর মা কামাখ্যার চরণে সাধারণ ভক্তদের সঙ্গে সপরিবারে তাঁকে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে।



