Barak UpdatesHappenings
নারী দিবসের প্রাক্কালে পড়ুয়াদের স্কুল সামগ্রী বিতরণ কিরণশশী উওমেন্স সেলের

ওয়ে টু বরাক, ৭ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ৭ মার্চ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কিরণশশী উওমেন্স সেল একটি সামাজিক সচেতনতা ও সহায়তা কর্মসূচির আয়োজন করে। এই উপলক্ষে এ দিন বিন্নাকন্দি বাগানের অশ্বিনী কুমার এমই. স্কুল প্রাঙ্গণ ও তার আশপাশে বিভিন্ন ধরনের ফলের চারাগাছ রোপণ করা হয়। এছাড়া স্কুলের পড়ুয়াদের মধ্যে স্কুল কিট বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ব্যাগ, জ্যামিতি বাক্স, খাতা, পেন্সিল, রাবার, স্কেল ইত্যাদি। সেইসঙ্গে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী -ব্রেড, ফলের রস, কেক, ও ভুজিয়া ইত্যাদিও বিতরণ করা হয়।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. হেমাবতী সিংহ, ড. অঞ্জু দেবী, ড. দীপা নাথ, ইউনিকি এল কংগোতে ও বিজয়া বর্ধন। কিরণশশী উওমেন্স সেলের ভারপ্রাপ্ত সম্পাদিকা এ দিন পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, ছাত্রজীবনে তাদের মূল লক্ষ্য হলো ভালো করে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ ও সেই সঙ্গে দেশের উন্নয়নের জন্য কাজ করা। একই সঙ্গে তাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবদ্ধ জীবনচর্চার মাধ্যমে তারা জীবনের চরম শিখরে পৌঁছতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।



