Barak UpdatesHappeningsCultureBreaking News
নাটক প্রশিক্ষণে চুক্তিবদ্ধ উইমেন্স কলেজ ও ভাবীকাল

ওয়েটুবরাক, ১৮ জুনঃ নাটকের প্রসারে চুক্তিবদ্ধ হল উইমেনস কলেজ, শিলচর এবং ভাবীকাল থিয়েটার গ্রুপ। উইমেনস কলেজ নাটক প্রশিক্ষণের উপযুক্ত পরিকাঠামো দেবে, দেবে আগ্রহী ছাত্রীদের। ভাবীকাল প্রশিক্ষক, নির্দেশক ও রিসোর্সপার্সনের ব্যবস্থা করবে। শনিবার তিনবছরের জন্য এ সংক্রান্ত চুক্তিতে সাক্ষর করেন কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি ও ভাবীকাল থিয়েটার গ্রুপের নির্দেশক শান্তনু পাল।
ভাবীকাল অনেকদিন থেকেই এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীদের থিয়েটারের প্রতি আকৃষ্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করে চলেছে। তাতেই স্কুল-কলেজের প্রধানরা আগ্রহভরে প্রথাগত প্রশিক্ষণের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। ওই তালিকাতেই সর্বশেষ সংযোজন উইমেনস কলেজ, শিলচর।
ভাবীকাল অবশ্য ক-বছর ধরেই উইমেনস কলেজে নিজেদের শাখা গড়ে নাটকের প্রচার ও প্রসারের কাজ করে চলেছে। এখন চুক্তির মধ্য দিয়ে ওই কাজের পরিধি অনেকটা সম্প্রসারিত করা হয়েছে। ভাবীকালের নির্দেশক শান্তনু পাল বলেন, তাতে তাঁদের দায়িত্ব আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে। ছাত্রীদের নাটকে প্রশিক্ষিত করে তুলতে কলেজ কর্তৃপক্ষ তাঁদের ওপর ভরসা করায় তিনি অধ্যক্ষ ড. তেওয়ারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



