NE UpdatesHappeningsBreaking News
নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হিমন্ত সরকার অস্ত্রের লাইসেন্স দিতে চাইছে : সুস্মিতা

ওয়েটুবরাক, ২৯ মেঃ সংখ্যালঘুপ্রধান ও বাংলাদেশ সীমান্তে থাকা অরক্ষিত ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদি বাসিন্দাদের নিজস্ব সুরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স প্রদানের যে সিদ্ধান্ত অসম মন্ত্রিসভা গ্রহণ করেছে, তাতে আপত্তি জানিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি হিমন্ত সরকারের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। সুস্মিতা বলেন, এই সিদ্ধান্তে এটাই প্রমাণিত যে, অসম পুলিশ ও বিএসএফ প্রত্যন্ত এবং সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের সুরক্ষা দিতে পারছে না। তাই অস্ত্র তুলে দিয়ে সরকার বলতে চাইছে, তোমরা নিজেরাই তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করো। এটা কোনও সরকারের অস্ত্রনীতি হতে পারে না। কারণ ওই অস্ত্রে আত্মরক্ষার নামে যে কাউকে যখনখুশি মারারই লাইসেন্স দেওয়ার নামান্তর।
এ ছাড়া, এই সিদ্ধান্তে যে আদি বাসিন্দাদের সুরক্ষার কথা বলা হয়েছে, সুস্মিতার কথায়, অসমে আজও আদি বাসিন্দার কোনও সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নির্ধারিত হয়নি। ফলে মুখ্যমন্ত্রী যে কাউকে লাইসেন্স দিয়ে বলতেই পারেন যে, তিনি আদি বাসিন্দা। এনআরসি তৈরি করে একে ফেলে রাখা নিয়েও প্রশ্ন করেন রাজ্যসভার সদস্য সুস্মিতা।
তিনি বলেন, আসলে কয়েক মাস পরেই অসমে বিধানসভার নির্বাচন। তাই হিমন্ত এখন নানাধরনের চমক দিতে চাইছেন। কিন্তু অস্ত্রের লাইসেন্স দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী দেশবাসীর কাছে একটি বাজে বার্তাই দিলেন যে, ডাবল ইঞ্জিন সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।



