Barak UpdatesHappeningsBreaking News
তফজ্জুল আলি চৌধুরী প্রয়াত, শোক

ওয়েটুবরাক, ১ মার্চ : উজান তারাপুর (বাঁশকান্দি) প্রথম খণ্ডের বাসিন্দা তথা জেলা স্কুল সমূহের উপ-পরিদর্শক (ডিআই) আলহাজ তফজ্জুল আলি চৌধুরী আর নেই। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর। তিনি রেখে গেছেন সহধর্মিণী, ৪ কন্যা, ১ পুত্র, জামাতা, নাতি, নাতনী সহ অসংখ্য গুণমুগ্ধকে। শনিবার বেলা দেড়টায় প্রয়াত চৌধুরীর পৈতৃক নিবাসের গোরস্থানে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে পবিত্র জানাজা শেষে সমাধিস্থ করা হয়।
অত্যন্ত স্বজ্জন ও পরোপকারী প্রয়াত তফজ্জুল আলি চৌধুরী গত কয়েকদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর দুদিন আগে বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতেই পরিবার ছেড়ে পরপারে চিরতরের জন্য পাড়ি দেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রয়াত চৌধুরী ৯৯৯ নম্বর বিন্নাকান্দি প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বাজারঘাট স্কুল পরিদর্শক এবং পরবর্তীতে পাথারকান্দি, সোনাই ও লক্ষীপুর শিক্ষাখণ্ড আধিকারিক হিসেবে দীর্ঘ বছর সুনামের সঙ্গে চাকরি করেন। সবশেষে ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি করিমগঞ্জ জেলার স্কুল সমুহের উপ-পরিদর্শক হিসেবে অবসর গ্রহণ করেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন তিনি। অমায়িক, সদাহাস্য ও ব্যক্তি হিসেবে পরিচিত তফজ্জুল আলি চৌধুরী মৃত্যুসংবাদ শুনে অনেকেই তাঁর উজান তারাপুরের বাড়িতে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



