India & World UpdatesHappeningsBreaking News
ঢাকার শাহজালাল বিমানবন্দরে আগুন

ওয়েটুবরাক, ১৮ অক্টোবর: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটও।
আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরে আটকে রয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও দেখেছেন তিনি।
এদিকে, গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, বেলা সোয়া দুইটার দিকে বিমানবন্দরটির আট নম্বর গেইট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়েই প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। একে একে ৩৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
কার্গো ভিলেজের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেছে। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে।
বিমানবন্দরের ওই অংশে দেশের বাইরে থেকে আমদানি হওয়া পণ্য মজুদ করে রাখা হতো। তবে, কিভাবে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভানোর কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার জানিয়েছেন, আগুনের পাশাপাশি কার্গো ভিলেজের ওই অংশে থাকা কয়েকটি ড্রাম বিস্ফোরিত হতে দেখেছেন তিনি। আগুন নেভানোর সময় তীব্র ধোঁয়া ও প্রচন্ড গরমে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান ওই ফায়ার ফাইটার।



