Barak UpdatesIndia & World UpdatesAnalytics
ড. সুখময় ভট্টাচাৰ্যকে ‘আচার্য চূড়ামণি’ রূপে সংবর্ধনা বঙ্গীয় সংস্কৃত শিক্ষা রত্ননিধির

ওয়ে টু বরাক, ১২ অক্টোবর : কলকাতা বাগ বাজারের গৌড়ীয় মঠের সভাগৃহে গত ১০ অক্টোবর, শনিবার মহালয়ার দিনে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা রত্ননিধির নবম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে শিলচর কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা শিলচর যোগবিজ্ঞান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুখময় ভট্টাচাৰ্যকে ‘আচার্য চূড়ামণি’ রূপে সংবর্ধনা জানানো হয়। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক বাহিনী এবং শিলচর যোগবিজ্ঞান মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পবিত্র কুমার চক্রবর্তী, রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ড. অমিয় কুমার পান্ডা, সন্ন্যাসী মুরারি হরিদাস, কলকাতা সংস্কৃত কলেজের উপাচার্য ড. অয়ন ভট্টাচাৰ্য, ড. অভিজিৎ মণ্ডল, ড. সঙ্ঘমিত্রা মুখার্জি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনলজির অধ্যাপিকা ড. ঋতপা ভট্টাচাৰ্য, শিলচর কাছাড় কলেজের দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান তথা বর্তমানে নরেন্দ্রপুর কলেজের অধ্যাপক ড. অংশুমান ভট্টাচাৰ্য প্রমুখ।
এ দিন শতাধিক গুণিজনদের উপস্থিতিতে ড. সুখময় ভট্টাচার্যকে উত্তরীয়, মানপত্র, বিভিন্ন উপহার সহ পঁচিশ হাজার টাকা তুলে দেন সম্মানিত অতিথিরা। সংক্ষিপ্ত বক্তব্যে প্রত্যেকেই ড. সুখময় ভট্টাচাৰ্যের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক বাহিনী এবং শিলচর যোগবিজ্ঞান মহাবিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।



