Barak UpdatesHappeningsBreaking News
জিসি-র প্রাক্তনী সংস্থা পুনর্গঠিত, সভাপতি সিদ্ধার্থ শংকর, সম্পাদক চন্দন

ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি: গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংস্থার ২০২৬-২৯ বর্ষের জন্য কার্যবাহী কমিটি গঠন করা হয়েছে । ডা: সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য সভাপতি নির্বাচিত হয়েছেন। অধ্যাপক চন্দন পাল চৌধুরী সাধারণ সম্পাদক। অধ্যাপক মৃদুল মোহন দাস কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন ।
গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় ও অন্যান্য বরিষ্ঠ প্রাক্তনীগণ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপাচার্য অধ্যাপক রায় জানান, একটি প্রাক্তনী ভবন নির্মাণের পরিকল্পনা তাঁর রয়েছে। প্রাক্তনীরা যেহেতু এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ, তাই তাদের অবদান এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘস্থায়ী ও সামগ্রিক শৈক্ষিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। তিনি প্রাক্তনীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় শিক্ষানীতিতে মূলত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই প্রাক্তনীরা যাতে বর্তমান শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতি দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এতে বর্তমান শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রাক্তনী সংস্থার সভাপতি সৌম্যকান্তি পুরকায়স্থ তাঁর ভাষণে ২০০৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থার বিবর্তন ও অগ্রগতির কথা তুলে ধরেন ও ইউজিসির নিয়ম অনুযায়ী সংস্থার সংবিধানের উপধারায় আনা বিভিন্ন সংশোধনী নিয়েও আলোচনা করেন।
শুরুতেই সরস্বতী বন্দনা পরিবেশন করেন সংস্কৃত বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী অনিশা দত্ত। অধ্যাপিকা ড. পৌলোমী চক্রবর্তী কলেজ সংগীত পরিবেশন করেন। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান অর্থনীতি বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী সৌরীতি আচার্য। স্বাগত ভাষণ দেন প্রাক্তনী সুরমিতা রায় পোদ্দার। কীভাবে কলেজ শিক্ষা একজন মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা তিনি তুলে ধরেন। সম্পাদিকা লুনা পুরকায়স্থ গত কার্যকালের সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ও কোষাধ্যক্ষ সৌমিত্র ধর আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রাক্তনী সংস্থার আরও এক প্রতিষ্ঠাতা সদস্য তাপস পাল রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচনী প্রক্রিয়া সেরে তিনি বিভিন্ন পদের জন্য মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন পরিষদে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ছাড়াও তিনজন যুগ্ম সম্পাদক, পনেরো জন সহ-সভাপতি ও ত্রিশ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালিকা অধ্যাপিকা শ্রেষ্ঠা কর।



