Barak UpdatesHappeningsBreaking News

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব অধ্যাপক নিরঞ্জন রায়ের

ওয়ে টু বরাক, ২৯ জুলাই : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার দায়িত্ব নিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। এ দিন তাঁকে কলেজ ক্যাম্পাসে আসার পর উত্তরীয় পরিয়ে বরণ করেন জিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অপ্রতীম নাগ। ড. নাগ অবশ্য উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের এক আদেশে মঙ্গলবারই কাছাড় কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেবেন।

উপাচার্য হিসেবে যোগ দিয়ে প্রথম দিনই বেশ কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন। অ্যাকাডেমিক রেজিস্ট্রার করা হয়েছে ড. অভিজিত নাথকে, রণবিজয় দাসকে ফিনান্স অফিসার এবং জয়দীপ পালকে ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার করেছেন উপাচার্য। তবে দায়িত্ব গ্রহণ করেই অধ্যাপক রায় বলেছেন, আগামী ৬ মাসের মধ্যেই অ্যাকাডেমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল এবং বোর্ড অব স্টাডিজ গঠন করা হবে। তিনি বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ এবং এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে শীঘ্রই আলোচনা হবে। তাঁর কথায়, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে কতগুলো পিজি, রিসার্চ খোলা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপাচার্য বলেন, ৯০ বছর পর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে জিসি। আর প্রথম উপাচার্যের দায়িত্ব পেয়ে তিনি নিজেকে গর্বিত বলেও জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উল্লেখ করেন, ফুলের বাগানের মতো বিশ্ববিদ্যালয়কে সাজিয়ে তুলতে হবে। শিক্ষক-অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যেও ছিল খুশির আবহ। এ দিন ক্যাম্পাসে আসার পর অধ্যাপক রায়কে গার্ড অব অনার দেয় এনসিসি টিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker