Barak UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News

গুজরাটে উপাচার্য সম্মেলনে যোগ দিলেন অধ্যাপক রাজীব মোহন পন্থ

উচ্চশিক্ষায় জিইআর ৫০ শতাংশ করার লক্ষ্য বেঁধে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রধান

ওয়ে টু বরাক, ১১ জুলাই : ২০৩৫ সালের মধ্যে উচ্চশিক্ষায় জিইআর (গ্রস এনরলমেন্ট রেসিও) ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য বেঁধে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গতকাল গুজরাটের কেভাদিয়ায় দেশের সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দু’দিনের সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। এই সম্মেলনে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ সহ বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যোগ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী প্রধান জিইআর পঞ্চাশ শতাংশে উন্নীত করতে পাঠ্যক্রম পুনর্গঠন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, অনুষদ প্রশিক্ষণ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পদ্ধতিগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বিকশিত ভারতের লক্ষ্য পূরণে শিক্ষা খাতের গুরুত্বের কথা উল্লেখ করে নাগরিকদের সঙ্গে ভাববিনিময় ও পরামর্শ গ্রহণের মাধ্যমে একটি সমৃদ্ধ জাতির নিজস্ব সংজ্ঞা নির্ধারণ করার কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। তাই আমাদের অনন্য ঐতিহ্য, মূল্যবোধ ও সংস্কৃতির কথা মাথায় রেখে একটি সমৃদ্ধ জাতির নিজস্ব সংজ্ঞা তৈরি করা উচিত। তিনি এও বলেন, যখন আমরা একটি উন্নত জাতির কল্পনা করছি,তখন শিক্ষা খাতের ওপর সবচেয়ে বড় দায়িত্ব বর্তায়।

দু’দিনের এই উপাচার্য সম্মেলনে শিক্ষাদান ও জ্ঞান, গবেষণা এবং শাসন ব্যবস্থার ওপর আলোকপাত করে দশটি বিষয় ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনগুলোতে জাতীয় শিক্ষানীতি ২০২০ এর মূল স্তম্ভগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায়বিচার, জবাবদিহিতা, গুণগত মান, প্রবেশাধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker