Barak UpdatesHappeningsBreaking News
কালাইন থানার পাশে ভাড়াঘরে পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ওয়ে টু বরাক, ১৩ জুলাই : কালাইন থানার পেছনে থাকা একটি ভাড়াঘর থেকে উদ্ধার হলো এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ। মৃত পুলিশ কর্মী কালাইন থানায় কর্মরত লেন্সনায়ক আলিমউদ্দিন বড়ভূইয়া বলে জানা গেছে। সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতেও তিনি পেট্রোলিঙের ডিউটি করেছেন। রবিবার সকালে তাঁর কোনও সাড়া না পেয়ে থানার অন্য কর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। মৃত পুলিশ কর্মীর বাড়ি শিলচরের তোপখানায়।
এ দিকে ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন সার্কল অফিসার। ছুটে আসেন তাঁর আত্মীয়স্বজনরাও। কেউ-ই এই মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে নারাজ। অনেকেই বলেছেন, আলিম উদ্দিনের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। সবার সঙ্গে তিনি খুব ভাল ব্যবহার করতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



