Barak UpdatesHappeningsBreaking News
কাটিগড়ার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দাবিতে মন্ত্রী কৌশিক রায়কে স্মারকপত্র

ওয়েটুবরাক, ১৯ এপ্রিল: কাটিগড়া মডেল হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার দাবিতে শনিবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। বিজেপির কাটিগড়া মন্ডল কমিটির পক্ষ থেকে এই স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব, প্রাক্তন সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, বিজেপি জেলা লিগ্যাল সেলের কনভেনার ধর্মানন্দ দেব, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত প্রমুখ ।
স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, কাটিগড়া ও সংলগ্ন চা-বাগান অধ্যুষিত এবং গ্রামীণ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছেন। বর্তমানে হাসপাতালের সুযোগ-সুবিধা সীমিত হওয়ায় গর্ভবতী মহিলা, বৃদ্ধ ও জটিল রোগীদের সময়মতো চিকিৎসা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। অনেক সময় জরুরি চিকিৎসার অভাবে রোগীদের জীবনও সংকটে পড়ছে।
বিজেপি মন্ডল কমিটি সরকারের কাছে জোরালো আবেদন জানিয়েছে, বরাক উপত্যকা উন্নয়ন তহবিলের মাধ্যমে এম.জি. মডেল হাসপাতালকে দ্রুত একটি পূর্ণাঙ্গ ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তর করা হোক। এই উন্নয়ন বাস্তবায়িত হলে কাটিগড়া ও পার্শ্ববর্তী অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে মনে করছেন তারা।
—–



