Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজে মুখ্যমন্ত্রী নিযুত কন্যা প্রকল্পের প্রপত্র বিতরণে অনুষ্ঠান

ওয়েটুবরাক, ৬ আগস্ট: বুধবার কাছাড় কলেজে মুখ্যমন্ত্রী নিযুত কন্যা প্রকল্প বিষয়ে ছাত্রীদের সচেতন করে প্রপত্র বিতরণের জন্য এক অনুষ্ঠান আয়োজিত হয়। তাতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উধারবন্দ বিধানসভার বিধায়ক মিহিরকান্তি সোম। বিশিষ্ট অতিথি কাছাড় জেলার সহকারী-আয়ুক্ত দীপা দাস, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী ড. চন্দন দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ। অনুষ্ঠানের শুরুতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মূল সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু যে বক্তব্য রাখেন, তা সম্প্রচার করা হয়।
পরে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মহম্মদ সামসুদ্দিন। তিনি বলেন, অসম সরকার বিনামূল্যে ভর্তিপ্রক্রিয়া, পাঠ্যপুস্তক প্রদান ও স্কলারশিপের সুবিধা দিচ্ছে। ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য মুখ্যমন্ত্রী নিযুত কন্যা প্রকল্পটি অত্যন্ত উপযোগী। তিনি আরও বলেন, এই প্রকল্পের সুবিধা পেতে ছাত্রীদের ৭৫ শতাংশ উপস্থিতির হার ও সমস্ত বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার। ছাত্রীরা যাতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হয়ে ওঠেন সেই আহ্বান জানান তিনি।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী ড. চন্দন দে বলেন, ছাত্রীরা পরিবার ও সমাজের বোঝা না হয়ে স্বনির্ভর হয়ে এগিয়ে যেতে পারবে এই প্রকল্পের সাহায্যে। সরকারের এই মহতী প্রকল্প অনেকাংশে ফলপ্রসূ হয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আর্থিক প্রতিকূলতাকে জয় করে ছাত্রীদের অগ্রগতি সুনিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য।
উধারবন্দ জেলার বিধায়ক মিহিরকান্তি সোম তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রীর কর্মসূচি ও লক্ষ্যের বিষয়টি তুলে ধরেন। বাল্যবিবাহ ও আর্থিক অসুবিধার কারণে ছাত্রীদের পড়াশোনা যাতে বন্ধ না হয়, তার জন্য এই প্রকল্পটি অত্যন্ত সহায়ক। তিনি বলেন, গত বছর এক লক্ষ ষাট হাজার ছাত্রী প্রকল্পের আওতায় এসেছেন। এই বছর তা অন্তত চার লক্ষে পৌঁছবে। মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য হল, দশ লক্ষ ছাত্রীকে পরিষেবা ও সহযোগিতা প্রদান করা। কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ ছাত্রীদের উৎসাহিত করে প্রতিকূল পরিবেশে নিজের সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, অনুশীলন ও অধ্যবসায়ের দ্বারা নিজেদের জ্ঞানবৃদ্ধি করে সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করতে হবে, তাহলেই মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প প্রকৃত সার্থকতা লাভ করবে। অনুষ্ঠানের আহ্বায়িকা ছিলেন ড.বহ্নিশিখা দেবরায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. দীপশিখা সেন। ধন্যবাদ প্রদান করেন অধ্যাপিকা বিদিন্তা নার্জারি।
অনুষ্ঠানের মঞ্চে ছাত্রীদের হাতে প্রপত্র তুলে দেন কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, উপাধ্যক্ষ মহম্মদ সামসুদ্দিন, বিধায়ক মিহিরকান্তি সোম, ড. চন্দন দে ও অধ্যাপিকা বিদিন্তা নারজারি। অনুষ্ঠানের শেষে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব প্রদান করেছেন ড. পারমিতা দাস ও ড. সুচরিতা চৌধুরী।
শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল হয়ে ওঠে।



