Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজে ছাত্রীর মৃত্যুতে শোকসভা

ওয়েটুবরাক, ১৩ নভেম্বর: গতকাল ১২ নভেম্বর বুধবার কাছাড় কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় ষাণ্মাসিকের ছাত্রী নাজিফা ফেরদৌস্ বড়ভূঁইয়ার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াণ ঘটে। কাছাড় কলেজে বুধবার ক্লাস শেষের পর তার বাবার স্কুটিতে বিকেলে বাড়ি ফেরার পথে মাসিমপুরের পার্শ্ববর্তী বালিঘাটে একটি ট্যাঙ্কার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। গাড়িটি পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নাজিফা ফেরদৌসের।

মেধাবী, প্রাণবন্ত এই ছাত্রীর অকালপ্রয়াণে সমগ্র কাছাড় কলেজ পরিবার বেদনায় মুহ্যমান, শোকে বিহ্বল। ছাত্র, শিক্ষক ও প্রশাসনিক কর্মচারীদের উপস্থিতিতে এক শোকসভার আয়োজন করা হয়। প্রাণীবিদ্যা বিভাগের প্রধান ড. নীলম বসুমাতারি বিভাগে মেয়েটির প্রাণোচ্ছ্বল ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির বিষয়ে সকলকে অবহিত করেন।

কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ মেয়েটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বার্তা দিয়েছেন যে, কাছাড় কলেজ পরিবার সর্বদা তাদের পাশে রয়েছে। শোকপ্রকাশ করে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সুদীপ কুমার দাসও। তিনি জানান, সন্তানতুল্য এই ছাত্রীর অকালমৃত্যু একজন শিক্ষকের কাছে অনভিপ্রেত এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ দেবরায় এবং ড. শ্বেতস্মিতা নাথ তাদের বক্তব্যে ছাত্রীটির শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সবশেষে প্রয়াত ছাত্রীর আত্মার সদ্গতি প্রার্থনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker