NE UpdatesAnalyticsBreaking News

কলকাতায়‌ পূর্বোদয় সাহিত্য উৎসব শুরু, ১ মার্চ অসমিয়া সাহিত্যের বাংলা অনুবাদ উন্মোচন

গুয়াহাটি, ২৭ ফেব্রুয়ারি : ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ কলকাতায়‌ এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে পূর্বোদয় সাহিত্য উৎসব। এই উৎসব হবে আইসিসিআর, ৯-এ হো-চি মিন সরণিতে। এতে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড‌ সহ অসমের বিশিষ্ট সাহিত্যকার বিশেষজ্ঞ যোগ দিচ্ছেন।‌ থাকছে অসমিয়া ভাষা-সাহিত্য বিষয়ক স্বতন্ত্র আলোচনা-সত্র। এতে অসমিয়া উপন্যাস ও ভ্রমণ-সাহিত্য নিয়ে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান তথা ‘বাংলা সাহিত্য সভা,অসম’-এর সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী। এই প্রথম অসমের কোনও বাঙালি অধ্যাপক অসমিয়া সাহিত্য নিয়ে কলকাতায়‌ স্বতন্ত্রভাবে আমন্ত্রিত হলেন। এই পর্বটি পরিচালনা করবেন অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতা।

এ দিন অসমিয়া প্রকৃতি-সাহিত্য বিষয়ে আলোকপাত করবেন ‘অসম গৌরব’ সৌম্যদীপ দত্ত এবং অসমিয়া কাব্য সাহিত্য বিষয়ে আলোচনা করবেন জ্যোতি খাটনিয়ার। এ-ছাড়া বিশেষ‌ অতিথি ও আলোচক রূপে যোগ দেবেন দিগন্তবিশ্ব শর্মা। বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক জানান, অসমিয়া সাহিত্য ধারার বিষয়ে আলোচনাপর্বটি ছাড়াও এই সাহিত্য উৎসবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এই উৎসবে দেশভাগমূলক প্রথম অসমিয়া উপন্যাসের বাংলা অনুবাদ উন্মোচিত হবে। মূল অসমিয়া উপন্যাসটির নাম ‘উরি গ’ল রাজহংস’। বাংলায় ‘উড়ে গেল রাজহংস’। নামটি বিখ্যাত‌ একটি কামরূপী লোকগীতির পঙক্তি থেকে নেওয়া। ঔপন্যাসিক প্রমোদ কলিতা। বাংলায়‌ অনুবাদ করেছেন নিবেদিতা চক্রবর্তী।

উপন্যাসটির পটভূমি দেশভাগ ও সমকাল। ছেচল্লিশের দাঙ্গা, বরিশাল নোয়াখালির হিন্দু নিধন, কলকাতা, উদ্বাস্তুদের করুণ পরিণতি, কংগ্রেসের স্বার্থপরতা, গান্ধীজির নেতিবাচক ভূমিকা, বামপন্থীদের বিষাক্ত রাজনীতি, গুয়াহাটি‌-তেজপুর ও উজান অসম সহ বিরাট মহাকাব্যিক পটভূমি। এই প্রথম কোনও অসমিয়া উপন্যাসে ছিন্নমূল পূর্ববঙ্গীয় হিন্দু বাঙালিদের মর্মবেদনা তুলে ধরা হয়েছে। ড. চক্রবর্তী আরও জানান, এই গুরুত্বপূর্ণ উপন্যাসটির প্রকাশক বাংলা সাহিত্য সভার পক্ষে কলকাতার অভিজাত ‘বিস্তার’। পরিবেশক বিস্তার ও গুয়াহাটির ‘অসম পাবলিশিং কোম্পানি’। ১ মার্চ বিকেল তিনটায় উপন্যাসটি উন্মোচিত হবে।

এই সাহিত্য উৎসবের মূল উদ্যোক্তা কলকাতার ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, ইন্ডিয়া (ISCS)। এটি ভারত সরকারের একটি সংস্থা। এই সাহিত্য সমাবেশের সহযোগিতায়‌ রয়েছে ভারত সরকারের শিক্ষা বিভাগ, ন্যাশনাল বুক ট্রাস্ট(NBT), ইন্ডিয়ান কাউনসিল অব সোশ্যাল সায়েন্স রিসার্স (ICSSR), ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস(ICCR)। অসমে এই সাহিত্য উৎসবের অঙ্গ রূপে একুশে ফেব্রুয়ারির দিন বহুভাষিক সাহিত্য সমাবেশ হয়ে গেছে। মূল উদ্যোগী ছিল অসম প্রকাশন পরিষদ। মূল সহযোগিতায়‌ ও অংশগ্রহণে ‘বাংলা সাহিত্য‌ সভা, অসম’।‌ সঙ্গে ছিলেন অসমিয়া ও বড়ো সাহিত্যের কবি-সাহিত্যিকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker