Barak UpdatesAnalyticsBreaking News
উনিশের পদক পাচ্ছেন কবীন্দ্র, নিশীথ, নীহার

ওয়ে টু বরাক, ১১ মে : এ বছর উনিশের পদক পাচ্ছেন কবীন্দ্র পুরকায়স্থ, নিশীথ রঞ্জন দাস ও নীহার রঞ্জন পাল। উনিশে মে উদযাপনে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী কার্যসূচি হাতে নিয়েছে। ১৮, ১৯ ও ২০ মে ভাষা শহিদ স্টেশনের উনিশের মঞ্চ থেকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যাঁরা অকাতরে বুকের রক্ত দিয়ে গেছেন, সেই শহিদদের যোগ্য সম্মান আদায়ে সমিতির সংগ্রামের পরবর্তী রূপরেখাও তৈরি করা হবে। ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রাজীব কর এ বছর উনিশের উদযাপন নিয়ে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, উনিশের বহমান সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ অবদানের সম্মান ও স্বীকৃতি স্বরূপ গত বছর থেকে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি ‘উনিশের পদক’ প্রদান শুরু করেছে। এ বছর তিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি ও কৃতজ্ঞতা স্বরূপ তিন বিশেষ কৃতী ও সংগ্রামী ব্যক্তিত্বকে উনিশের পদকের জন্য মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন, একষট্টির ভাষা সেনানী তথা সে সময় ছাত্র যুব সংগ্রাম পরিষদের সম্পাদক শ্রীভূমির নিশীথ রঞ্জন দাস, উনিশের অন্যতম সহযোদ্ধা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ এবং উনিশের গবেষক তথা ভাষাশহিদ ও ভাষা সেনানীদের পরিবারের অন্যতম সহযোগী নীহার রঞ্জন পাল।
রাজীব জানান, ১৮ মে সন্ধ্যা ৭টায় উনিশের মঞ্চে তাঁদের হাতে উনিশের পদক প্রদান করা হবে। ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির পক্ষ থেকে তিনি সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।


