Barak UpdatesHappeningsBreaking News
‘উদ্যোগ’-এর তরফে বন্যাক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন

ওয়েটুবরাক, ২ জুনঃ শিলচর শহর ও শহরতলির বন্যাকবলিত অঞ্চল ও ত্রাণশিবির পরিদর্শন করলেন সামাজিক সংস্থা ‘উদ্যোগ’-এর কর্মকর্তারা। রবিবার সংস্থার সভাপতি গোপাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক বাবলু কেঁওটের নেতৃত্বে এক প্রতিনিধিদল শহরের বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে দুধ ও বিস্কুট বিতরণ করেন। প্রতিনিধিদল এদিন তারাপুর এ.কে চন্দ ল’ কলেজ, রামকুমার নন্দী পাঠশালা, অসম সাহিত্য সভা, মালিনীবিল কসমিক মার্কেট কমপ্লেক্সে আশ্রিত ভুক্তভোগী জনসাধারণের হাতে দুধ ও বিস্কুটের প্যাকেট তুলে দেন।

সভাপতি গোপাল কান্তি রায় বলেন, “আমাদের সংস্থা জন্মলগ্ন থেকেই এধরণের বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। ২০২২ সালে সমগ্র শিলচর যখন প্রলয়ংকারী বন্যার কবলে ছিল সেসময়ও আমাদের সংস্থা বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে।” তিনি আরও বলেন, “মানুষ যখনই কোনও বিপদের সম্মুখীন হয়েছে তখনই আমরা তাদের পাশে দাঁড়িয়ে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়েছি । উল্লেখ্য এদিনের খাদ্য সামগ্রী বন্টন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা, পাপ্পু দেবরায়, কিষাণ রায়, বিপ্লব দাস, প্রাণতোষ রায়, পার্থ দাস, প্রিয়া শর্মা, মলয় রায়, নির্মল দত্ত, অরিজিৎ মালাকার প্রমুখ।



