Barak UpdatesAnalyticsBreaking News
উচ্চমাধ্যমিক বাণিজ্যে রাজ্যে প্রথম রামানুজের তামান্না, মেধার দশে স্কুলের ৫
ওয়ে টু বরাক, ৩ জুলাই : এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় মেধা তালিকার প্রথম দশে স্থান পেয়েছে রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি স্কুলের পাঁচ মেধাবী ছাত্র-ছাত্রী।
স্কুলের অধ্যক্ষ পূর্ণদীপ চন্দ্র এ সংক্রান্ত তথ্য তুলে ধরে জানান, বিজ্ঞান শাখায় প্রথম দশে ১ জন পড়ুয়া এবং বাণিজ্য শাখায় প্রথম দশে চার জন পড়ুয়া স্থান পেয়েছেন। তিনি জানান, বাণিজ্য শাখায় ৯৪ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন তামান্না ফেরদৌস রাজ বড়ভূঁইয়া। দ্বিতীয় স্থানে থাকা অনিন্দিতা দে পেয়েছেন ৯৩.৮ শতাংশ।৯২.৪ শতাংশ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন সাগর দাস। এই বিভাগে দশম স্থান পেয়েছেন রিমঝিম দে। তাঁর প্রাপ্ত নম্বর ৯১.৬ শতাংশ।
এ দিকে বিজ্ঞান শাখায় ৯৬ শতাংশ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন রূপ শেখর ভট্টাচার্য। রামানুজ সেকেন্ডারি স্কুলের এই সাফল্যের কথা জানিয়ে অধ্যক্ষ বলেন, মেধা তালিকা উঠে যাওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ভাল করার ইচ্ছে হারিয়ে গিয়েছে। ক্লাসরুমে শিক্ষকদের সামনে বসে সরাসরি পড়াশোনার ঝোঁক কমে এখন মোবাইলে পড়াশোনার প্রতি পড়ুয়াদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। কিন্তু এতে মেধার প্রকৃত বিকাশ হয় না বলে মনে করেন অধ্যক্ষ। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আগের মত মেধা তালিকা নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
অধ্যক্ষ চন্দ বলেন, গত তিন বছর ধরে মেধাতালিকা উঠে যাওয়ায় শ্রেণিকক্ষে পাঠদানের আগ্রহ যেমন কমেছে তেমনি ভালো ফল হচ্ছে না। এভাবে প্রকৃত মেধার বিকাশ হবে না বলেই তিনি মনে করেন। এদিন সাংবাদিক বৈঠকে স্কুলের প্রশাসনিক আধিকারিক শরদিন্দু ধর ও রামানুজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. অঞ্জনা ভট্টাচার্য উপস্থিত ছিলেন।



