Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজ শিলচরের অর্থনীতি বিভাগের দেয়াল পত্রিকা ‘অর্থদৃষ্টি’ উন্মোচিত

ওয়েটুবরাক, ২৫ এপ্রিল : উইমেন্স কলেজ শিলচরের অর্থনীতি বিভাগের দেয়াল পত্রিকা ‘অর্থদৃষ্টি’-এর আনুষ্ঠানিক উন্মোচন হলো শুক্রবার।
এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে দেয়াল পত্রিকার উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি এবং উপাধ্যক্ষ ড. শান্তনু দাস। উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান ডঃ সুজয় দাস, বিভাগীয় শিক্ষিকা ড. নৈঋতা ভট্টাচার্য, ড. প্রতীতি সিংহ, ফিলিপ কামেই এবং ড. তনুশ্রী দে।
প্রারম্ভিক বক্তব্যে ড. সুজয় দাস দেয়াল পত্রিকার ‘থিম এনভায়রন ভিশন’ নিয়ে কথা বলতে গিয়ে জানান, অর্থনীতির অন্যতম অঙ্গ হচ্ছে পরিবেশ বিষয়ক সচেতনতা। পরিবেশ রক্ষার মূল্যায়নের যাবতীয় পরিসংখ্যান অর্থনীতির অধ্যয়নে এক বিশেষ জায়গা রাখে। দেয়াল পত্রিকার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করতে গিয়ে ড. দাস বলেন, শিলচর শহরের আবর্জনার স্তুপ সহ যত্রতত্র আবর্জনা ফেলে রাখাও পরিবেশ দূষণের অন্যতম কারণ।
তিনি আরও বলেন, দেয়াল পত্রিকা একটি সৃজনশীল প্ল্যাটফর্ম। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ করে দেয়। তাদের চিন্তাভাবনা, তাদের গবেষণা প্রদর্শন এবং বাস্তব বিষয়গুলির সাথে সংযুক্ত থাকতে সহায় করে।
অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন এবং প্রকৃতির লালনের গুরুত্ব সম্পর্কে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। এমন একটি থিম বেছে নেওয়ার জন্য বিভাগকে অভিনন্দন জানিয়ে বলেন যে, পরিবেশ সম্পর্কীয় বিষয় চয়ন অত্যন্ত সময়োপযোগী এবং অপরিহার্য। তিনি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষক- শিক্ষিকাদের তাদের নিষ্ঠা এবং উদ্যোগের জন্য উষ্ণ অভিনন্দন জানান।
উপাধ্যক্ষ ড. শান্তনু দাস অর্থনীতি বিভাগকে তাদের প্রশংসনীয় প্রচেষ্টা এবং দেয়াল পত্রিকার সফল সম্পাদনের জন্য অভিনন্দন জানান। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ ফিলিপও বক্তৃতা দেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ডঃ অভিনন্দন চৌধুরী, দর্শন বিভাগের ডঃ আলপা শুক্লা, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সুদেষ্ণা নাথ এবং বাংলা বিভাগের প্রধান ডঃ সুস্পিতা দাস দেয়াল পত্রিকার মাধ্যমে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির উদ্যোগকে সাধুবাদ জানান।



