Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মেরুদণ্ড অস্ত্রোপচার শিবির সম্পন্ন শিলচরে

ওয়ে টু বরাক, ২০ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয় ও মুম্বাইর দ্য স্পাইন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শিলচরে তৃতীয়বার আয়োজিত মেরুদণ্ড অস্ত্রোপচার শিবির রবিবার সম্পন্ন হল। গত শুক্রবার থেকে তিনদিনের এই শিবির শুরু হয় মেহেরপুরের সাউথ সিটি হাসপাতালে। অস্ত্রোপচার করেন মুম্বাইর দ্য স্পাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্পাইন সার্জন ডা: শেখর ভোজরাজ, ডঃ শীতল মোহিতে, ডঃ সুমন ধর, ডঃ শশীভূষণ ভারেকর, ডঃ সুগন্ধ কাপার্থি ও রোশন কুলে।
এই তৃতীয় শিবিরে সাউথসিটি হাসপাতালে মোট ছয়টি অস্ত্রোপচার করা হয়। যার মধ্যে তিনটি ডিকম্প্রেশন সার্জারি এবং তিনটি পেইন ব্লক পদ্ধতি ছিল। এই অস্ত্রোপচারগুলি ছাড়াও দরগাকোনা স্বাস্থ্য কেন্দ্রে একটি বহির্বিভাগীয় পরামর্শ অধিবেশন পরিচালিত হয়। যেখানে ৬০ জন রোগীর পরীক্ষা করা হয় এবং ৮ জনকে মুম্বাইর দ্য স্পাইন ফাউন্ডেশনের বিশেষজ্ঞ দলের আরও পর্যবেক্ষণের জন্য এমআরআই করার পরামর্শ দেওয়া হয়।
রবিবার মুম্বাইর দ্য স্পাইন ফাউন্ডেশনের বিশেষজ্ঞ দল রোগীদের ক্লিনিকাল এবং শারীরিক অবস্থা মূল্যায়ন করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে। সেইসঙ্গে যত্নের ধারাবাহিকতা এবং অস্ত্রোপচার-পরবর্তী পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়। এই শিবিরটি বহুমুখী সহযোগিতা, প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের একটি উজ্জ্বল উদাহরণ। এর মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের সুবিধাবঞ্চিত মানুষের মেরুদণ্ডের যত্ন ও চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
তিনদিনের এই শিবিরের সমন্বয়ক হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ড. বিবেক ভার্মা। এছাড়া ড. শুভম নোনিয়া সহ বিশ্ববিদ্যালয় ও সাউথসিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সক্রিয় সহযোগিতা ও বিশেষ করে বিশিষ্ট শল্য চিকিৎসক ডা সুজিত কুমার নন্দী পুরকায়স্থের মূল্যবান পরামর্শ এই শিবির আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
প্রসঙ্গত, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের দূরদর্শী নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ পরিচালিত হচ্ছে। তাঁর ক্রমাগত উৎসাহ এবং কমিউনিটি স্বাস্থ্যসেবার ওপর মনোযোগ এই ধরনের কর্মসূচি সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথের ধারাবাহিক প্রশাসনিক সহায়তা ও সমন্বয় এই আয়োজনের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করে চলেছে।



