NE UpdatesAnalyticsBreaking News
অসমে শীঘ্রই চালু হচ্ছে অরুণোদয় ৩.০, সুবিধাপ্রাপকের সংখ্যা বাড়িয়ে প্রায় ৪০ লক্ষ : মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১ আগস্ট : রাজ্যে খুব শীঘ্রই অরুণোদয় ৩.০ কার্যক্রম শুরু হবে। এই নতুন সংস্করণে সুবিধাপ্রাপকের সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে প্রায় ৪০ লক্ষ। রাজ্যের সামাজিক নিরাপত্তা খাতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অসম সরকার আগামী ১৭ সেপ্টেম্বর, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে রাজ্যে অরুণোদয় ৩.০ চালু করতে চলেছে। শুক্রবার দিসপুরের লোকসেবা ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
তিনি জানান, রাজ্য সরকার প্রথমবার ২০১৯ সালের বাজেটে অরুণোদয় প্রকল্পের ধারণা প্রকাশ করেছিল। সেই প্রথম পর্যায়ের অরুণোদয় প্রকল্প অর্থাৎ অরুণোদয় ১.০-এর মাধ্যমে সুবিধা প্রাপকদের প্রতিমাসে ৮৩০ টাকা করে প্রদান করা হয়েছিল। এরপর ২০২১ সালে নতুন সরকার গঠনের পর শুরু হয় অরুণোদয় ২.০। এই পর্যায়ে সুবিধাপ্রাপকের সংখ্যা ছিল প্রায় ২৮ লক্ষ।
মুখ্যমন্ত্রী বলেন, “এইবার আমরা আরও সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করেছি অরুণোদয় ৩.০-এর জন্য।” তিনি আরও জানান, এই তৃতীয় পর্যায়ে প্রকল্পটির আওতায় সর্বমোট প্রায় ৪০ লক্ষ উপকারভোগী অন্তর্ভুক্ত হবেন, যা রাজ্যের দারিদ্র্য হ্রাস ও নারীর আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


