NE UpdatesHappeningsBreaking News

অম্বুবাচী উপলক্ষে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিশেষ সেবা

ওয়েটুবরাক, ২৩ জুন: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলায় অংশগ্রহণ করা তীর্থযাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুষ্ঠানে আসা ভক্তদের ভিড় নিয়ন্ত্রণেও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণ করতে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা এবং গুয়াহাটি স্টেশনে স্পেশাল টিকিট কাউন্টার স্থাপন করেছে। তীর্থযাত্রীদের দ্রুত এবং ঝামেলামুক্ত টিকিট কাটার সুবিধার্থে এই অতিরিক্ত কাউন্টারগুলি চব্বিশ ঘন্টাই চালু রয়েছে।

ভক্তদের সহায়তার জন্য একটি পদক্ষেপ হিসেবে, নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে উইমেনস ওয়েলফেয়ার অর্গেনাইজেশনের সভানেত্রী শালিনী শ্রীবাস্তবের নেতৃত্বে সংস্থা কামাখ্যা স্টেশন এবং আশেপাশের এলাকায় খাদ্য ও পানীয় জল বিতরণের উদ্যোগ নিয়েছে। যাত্রার সময় তীর্থযাত্রীদের সুস্থতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকরভাবে প্রস্তুত খাবারের প্যাকেট এবং জলের বোতল বিতরণ করা হচ্ছে।

তাছাড়া, যাত্রীদের অতিরিক্ত ভিড় কম করতে, উত্তর পূর্ব সীমান্ত রেল দুই জোড়া স্পেশাল আনরিজার্ভড ট্রেন চালাবে। প্রথমটি, ট্রেন নং. ০৫৬৭২/০৫৬৭১ গুয়াহাটি–আলিপুরদুয়ার জংশন–গুয়াহাটি আনরিজার্ভড স্পেশাল। ট্রেন নং. ০৫৬৭২ (গুয়াহাটি–আলিপুরদুয়ার জংশন) ২২ থেকে ২৬ জুন, ২০২৫ পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ২৫ মিনিটে গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ভোর ৪ টায় আলিপুরদুয়ার জংশন পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৫৬৭১ (আলিপুরদুয়ার জংশন – গুয়াহাটি) ২৩ থেকে ২৭ জুন, ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় আলিপুরদুয়ার জংশন থেকে রওনা দিয়ে একই দিনে বিকেল ৪টা ২০ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে।

এছাড়াও, যাত্রীদের আরও সহায়তার জন্য গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি আনরিজার্ভড স্পেশাল ট্রেন নং. ০৫৬৯৮/০৫৬৯৭ চালানো হবে। ট্রেন নং. ০৫৬৯৮ (গুয়াহাটি–নিউ জলপাইগুড়ি) ২৬ জুন, ২০২৫ তারিখ বৃহস্পতিবারে রাত ১১টা ৫৫ মিনিটে গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন সকাল সোয়া ৮টায় নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। ট্রেন নং. ০৫৬৯৭ (নিউ জলপাইগুড়ি–গুয়াহাটি) ২৭ জুন শুক্রবারে সকাল সোয়া ১১টায় নিউ জলপাইগুড়ি থেকে ফিরে আসবে এবং একই দিনে রাত সাড়ে সাতটায় গুয়াহাটি পৌঁছাবে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে গুরুত্বপূর্ণ স্টেশন এবং তীর্থযাত্রা কেন্দ্ৰগুলিতে বর্ধিতহারে ম্যানপাওয়ার মোতায়েন নিশ্চিত করেছে। যাত্রীদের পথ প্রদর্শনের জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য বাণিজ্যিক ও কারিগরি কর্মীদের পাশাপাশি অতিরিক্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ কর্মীদেরও মোতায়েন করা হয়েছে। দর্শনার্থীদের তথ্য এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য হেল্প ডেস্ক এবং অনুসন্ধান বুথ স্থাপন করা হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অম্বুবাচী মেলার সময় সুরক্ষিত এবং সুবিধাজনক রেল পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সুগম ভ্রমণ অভিজ্ঞতার জন্য রেল কর্মীদের সাথে সহযোগিতা করার জন্য যাত্রীদের অনুরোধ জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker