Barak UpdatesHappeningsBreaking News

অতিরিক্ত বিমানের জন্য বিভাগীয় মন্ত্রীকে বললেন কণাদ, হিমন্তের হস্তক্ষেপ দাবি

ওয়েটুবরাক, ২৭ জুনঃ রাজ্যসভার সাংসদ হয়ে প্রথমবার দিল্লি পৌঁছতে না পৌঁছতেই কণাদ পুরকায়স্থের দেখা হয়ে যায় মুরলিধর মহলের সঙ্গে। বিজেপির প্রভাবশালী নেতা মুরলিধর। পুনের প্রাক্তন মেয়র, বর্তমানে সেখান থেকে সাংসদ হয়েই কেন্দ্রে অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী। দিল্লি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসেই বেশ কিছুক্ষণ আলোচনা হয় দুই বিজেপি কর্মকর্তার। কথাপ্রসঙ্গে উঠে আসে বরাক উপত্যকার বিমান পরিষেবার নানা বিষয়।

এরই সূত্র ধরে আজ শুক্রবার সাংসদ পুরকায়স্থ ফোন করেন মুরলিধরকে। তিনি দিল্লির বাইরে থাকায় সাক্ষাতের সুযোগ মেলেনি বটে, তবে কণাদ জানান, ফোনেই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বরাক উপত্যকার রেল-সড়কের বর্তমান অবস্থা সবিস্তারে তাঁকে জানান। বলেন, সে জন্যই সামর্থ যতটুকু থাকুক, সাধারণ মানুষও বাধ্য হচ্ছেন বিমানে চড়তে।

কিন্তু ইন্ডিগো ছাড়া আর কোনও সংস্থা শিলচরে নেই বলে মানুষের অসহায়ত্বের সুযোগে একচেটিয়া বাড়ছে টিকিটের দাম। এই অবস্থায় আরও এক-দুটি সংস্থাকে শিলচরে বিমান চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি মুরলিধরের কাছে আর্জি জানান। পরে একখানা স্মারকলিপিও পাঠান তাঁর উদ্দেশে।

কণাদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও ফোনে কথা বলে এ ব্যাপারে তাঁর হস্তক্ষেপ দাবি করেন। দুইজনের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন রাজ্যসভার সদ্য নির্বাচিত সাংসদ কণাদ পুরকায়স্থ।

(ছবি: দিল্লি বিমানবন্দরে মুরলিধর মহলের সঙ্গে কণাদ পুরকায়স্থ )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker