India & World UpdatesHappeningsBreaking News
সমাজমাধ্যমে বিদ্রূপে বিধানসভায় দাঁড়িয়ে কেঁদে ফেললেন দিল্লির মুখ্যমন্ত্রী!

ওয়েটুবরাক, ১০ জানুয়ারি: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁকে নিয়ে মিম। লাগাতার চলছে ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ। সেকথা বলতে বলতে বিধানসভায় দাঁড়িয়ে প্রায় কেঁদেই ফেললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর দাবি, সমাজমাধ্যমে তাঁকে কলুষিত করার এই ‘চক্রান্তে’ রয়েছে আম আদমি পার্টি।
শুক্রবার বিষয়টি নিয়ে বিধানসভায় মুখ খোলেন রেখা। অরবিন্দ কেজরিওয়ালের দলকে কটাক্ষ করে বলেন, “সমাজমাধ্যমে আমাকে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে তা রাজনৈতিক বিরোধিতার পরিসরে পড়ে না। একজন মহিলা দিল্লি চালাচ্ছেন, এই বিষয়টি তাদের পছন্দ নয়। তারা প্রশ্ন করে, কীভাবে একজন মহিলা দিল্লি চালাতে পারেন? এটাই তাদের মানসিকতা।” এরপরই আবেগঘন হয়ে পড়েন রেখা। দিল্লির মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে জনসমক্ষে এমন কোনও মন্তব্য করতে চান না, যা উপহাসের যোগ্য। ছোটখাটো ভুলের জন্য তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। রেখা বলেন, “যদি ভুলবশত আমার মুখ থেকে কোনও শব্দ বেরিয়ে যায়, তাহলে আপ সেটা নিয়ে মিম বানিয়ে সমাজমাধ্যমে আমাকে কলঙ্কিত করে। এটা আমাকে কষ্ট দেয়।”



