Barak UpdatesHappeningsBreaking News
শিলচর ও মহাদেবপুরে পরাজয় বিজেপির সংখ্যাগরিষ্ঠ হওয়ার আনন্দে প্রভাব ফেলছে

ওয়েটুবরাক, ১৩ মে: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় পূর্বানুমান মতোই বিজেপির রমরমা। বিশেষ করে, লক্ষীপুর ও উধারবন্দ বিধানসভা এলাকার ৮ আসনের একটিও কংগ্রেস জিততে পারেনি। সেখানেই শাসক-বিরোধী শক্তির ব্যবধান বেড়ে যায়। সব মিলিয়ে কাছাড়ের ২৫ আসনের মধ্যে ১৬টি আসন গেরুয়া বাহিনী নিজেদের দখলে রাখতে সমর্থ হয়। প্রধান বিরোধী দল ছিনিয়ে নেয় ৭টি আসন। বাকি দুটিতে দুই নির্দল প্রার্থী বিজয়ী হলেন।
২৫-এ ১৬ পেয়েও স্বস্তি নেই বিজেপির নেতা- কর্মীদের। শিলচর আসনে পদ্ম প্রতীকে পরাস্ত হলেন পীযূষ পাল। বিজয়ী কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বড়ভুইয়া। তাতে প্রচণ্ড চাপ বেড়ে গেছে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। আগামী দিনে নিজের টিকিট অনেকটা অনিশ্চিত হয়ে পড়ল।
একই ভাবে মহাদেবপুরে দলীয় প্রার্থী লাভলি চক্রবর্তী যে হেরে যাবেন, ভাবতে পারেননি কোনও বিজেপি নেতা। কারণ ওই এলাকায় সুব্রত চক্রবর্তী পোড় খাওয়া জনপ্রতিনিধি। তিনি এবং তাঁর স্ত্রী লাভলি দফায় দফায় বিজয়ী হয়েছেন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন পর্বে। এর ওপর, গত জেলা পরিষদে লাভলি ছিলেন সহসভাপতি। সেখানে জিতে গেরুয়া বাহিনীকে ভিন্ন বার্তা দিলেন কংগ্রেস প্রার্থী ত্রয়োবাসী দাস। তিনিই ৯ অবিজেপি বিজয়ীর মধ্যে একমাত্র হিন্দু।



