NE UpdatesHappeningsCultureBreaking News

রেকর্ড ! দশ হাজার শিল্পীর বাগুরুম্বা নৃত্যের সাক্ষী মোদিও

গুয়াহাটি, ১৭ জানুয়ারি : ইতিহাস সৃষ্টি করল বড়ো লোকসংস্কৃতির অনন্য উপাদান বাগুরুম্বা নৃত্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দশ হাজারেরও বেশি শিল্পী একযোগে বাগুরুম্বা নৃত্য পরিবেশন করেন। অসম সরকার আয়োজিত ‘বাগুরুম্বা দহৌ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের দশ হাজারেরও বেশি শিল্পীর বাগুরুম্বা পরিবেশনে মুখরিত হয়ে ওঠে গুয়াহাটির সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া ময়দান। খ্রাম ও সিফুঙের সুরেলা ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে সমগ্র ক্রীড়া প্রাঙ্গণ।

দখোনা ও আরণাই পরিহিত বড়ো তরুণীদের ছন্দময় নৃত্যভঙ্গিতে প্রাণ ফিরে পায় সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া প্রকল্প। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন ক্রীড়া প্রকল্পে উপস্থিত অগণিত দর্শক। দশ হাজারেরও বেশি যুবক-যুবতীর অংশগ্রহণে এই অভিনব অনুষ্ঠান ইতিহাস রচনা করে এবং গড়ে তোলে এক নতুন নজির। বিহু ও ঝুমুরের পর এ বার বিশ্বদরবারে প্রতিষ্ঠা পেলো বাগুরুম্বা নৃত্য। বড়ো জনগোষ্ঠীর সমৃদ্ধ কৃষ্টি-সংস্কৃতি পেলো অনন্য স্বীকৃতি। দশ হাজারেরও বেশি শিল্পী খ্রাম, সেরজা, সিফুঙ, জথা ও জাপশ্রিং-এর তালে তালে অপূর্ব ও দৃষ্টিনন্দন শৈলীতে বাগুরুম্বা নৃত্য পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন।

বাগুরুম্বা নৃত্যে ব্যবহৃত বাদ্যযন্ত্র খ্রাম, সেরজা, সিফুঙ, জথা, জাপশ্রিং-এর সঙ্গে বড়ো শিল্পীদের পরিহিত দখোনা, রেগেরেগাং জোমগ্রা, আরণাই, গছলা, চন্দ্রহালা মালা, ফুলকুড়ি খেরা, আসাম গাঁথা প্রভৃতি পোশাক ও অলংকার সমগ্র পরিবেশকে আরও আলোকিত করে তোলে।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে সরুসজাই ক্রীড়া প্রকল্পে বিশেষভাবে সাজানো একটি আকর্ষণীয় বাহনে উঠে প্রধানমন্ত্রী মোদি সকলকে অভিবাদন জানান। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরপর অনুষ্ঠানে রূপকোঁওর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদিকে সংবর্ধনা জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker