NE UpdatesAnalyticsBreaking News

গ্রন্থ বর্ষে বই কেনার জন্য সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে অতিরিক্ত ১ হাজার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জেলা সদরে বইমেলা আয়োজন করলে কমিটিকে ৫ লক্ষ অনুদান দেবে সরকার

গুয়াহাটি, ৭ আগস্ট : বই কেনার জন্য সরকারি কর্মচারীরা বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা পাবেন। বৃহস্পতিবার গুয়াহাটিতে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে এ কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সরকারি কর্মচারীদের এই অতিরিক্ত এক হাজার টাকা আগামী নভেন্বর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে। এজন্য অবশ্য শর্তও রাখা হয়েছে।

এ দিন রাতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, চলতি ২০২৫ বর্ষকে গ্রন্থ বর্ষ হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এর অঙ্গ হিসেবে কর্মচারীদের বই কেনার জন্য এক হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এই টাকা দেওয়া হবে নভেম্বর মাসের বেতনের সঙ্গে। এই এক হাজার টাকা পাওয়ার পর কর্মচারীদের বই কিনতে হবে। বই কেনার পর রশিদটি সংশ্লিষ্ট বিভাগের প্রধানের কাছে জমা দিতে হবে। তিনি বলেন, রাজ্যে প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী রয়েছেন। এই কর্মচারীদের বই কেনার জন্য ক্যাবিনেট ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে। বিষয়টি আরও স্পষ্ট করে তিনি বলেন, যদি কোনও কর্মচারী টাকা পাওয়ার পরও বই না কেনেন বা রশিদ জমা না দেন, তাহলে পরের মাসে বেতন থেকে এক হাজার টাকা কর্তন করা হবে।

হিমন্তবিশ্ব এ দিন আরও জানান, আগামী ১৬ আগস্ট থেকে রাজ্য সরকার যেকোনও সরকারি অনুষ্ঠানে গামোছার সঙ্গে বিশিষ্ট অতিথিদের একটি করে বই উপহার দেবে।  গ্রন্থ বর্ষ শেষ না হওয়া পর্যন্ত সরকারের এই প্রয়াস জারি থাকবে। তাছাড়া গ্রন্থ বর্ষ উপলক্ষে এ বছর ড. ভূপেন হাজরিকার নামে একটি পুস্তিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পুস্তিকা আগামী ১ জানুয়ারি থেকে রাজ্যের ১২ লক্ষ পরিবারকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এই তালিকায় সরকারি শিক্ষক, পঞ্চায়েত প্রতিনিধি সহ আরও অনেকে রয়েছেন। অর্থাৎ রাজ্য সরকারের কাছে যে তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী এই পুস্তিকা পাঠানো হবে।

মুখ্যমন্ত্রী এ দিন আরও জানিয়েছেন, রাজ্যের এক হাজার জন যুব লেখককে এককালীন সাহায্য হিসেবে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই যুব লেখকরা যাতে ভবিষ্যতে লেখালেখিতে আরও উৎসাহ পান, সেজন্য এই অর্থরাশি তাঁদের দেওয়া হবে। এই লেখকদের তালিকা তৈরি করবে অসম প্রকাশন পরিষদ। ক্যাবিনেট সিদ্ধান্তের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরে রাজ্যের বিভিন্ন জেলায় যাতে বেশি করে গ্রন্থ মেলা অনুষ্ঠিত হয়, সেজন্য কোনও জেলা সদরে যদি কোনও একটি সংগঠন গ্রন্থমেলার আয়োজন করে, তবে তাঁদের ৫ লক্ষ টাকা সহায়তা রাশি মঞ্জুর করা হবে। রাজ্যের ৩৫টি জেলার ক্ষেত্রেই এই অনুদান রাশি দেবে সরকার। তাছাড়া সম-জেলায় কোনও সংগঠন এ ধরনের বইমেলার আয়োজন করলে তাদের অনুদান হিসেব আড়াই লক্ষ টাকা দেওয়া হবে। তাঁর কথায়, রাজ্যের জনগণও যদি বিভিন্ন অনুষ্ঠানে এ বছর উপহার হিসেবে বই প্রদান শুরু করেন, তাহলে রাজ্য সরকারের এই প্রয়াস সফল হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker