Barak UpdatesHappeningsBreaking News
রবিবার সঞ্জীব-আবিদ রাজাকে বরাক এডুকেশন সোসাইটির সম্মাননা

ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারি: বরাক এডুকেশন সোসাইটির মওলানা আজাদ স্মারক সম্মাননা ও সৈয়দ মুজতবা আলি স্মারক সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে। শিলচর সদরঘাটস্থিত বঙ্গ ভবনে। অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়। পূর্ব ঘোষণা অনুযায়ী সোসাইটি প্রদত্ত মওলানা আজাদ স্মারক সম্মাননা ২০২৪ এবারে পাচ্ছেন বর্ষীয়ান সমাজকর্মী, শিক্ষাবিদ ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর এবং সৈয়দ মুজতবা আলি স্মারক সাহিত্য সম্মাননা পাচ্ছেন বর্ষীয়ান লেখক, ইতিহাসবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবিদরাজা মজুমদার। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট বিজ্ঞানী সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক অশোক সেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার ও সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও আসাম বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক মোহাম্মদ বশিরকে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের সিডিসি-র অবসরপ্রাপ্ত সঞ্চালক ড০ বিভাস রঞ্জন চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সোসাইটির প্রত্যেক সদস্য, উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ছাড়াও জেলার বিভিন্ন অগ্রণী সংস্থা কর্মকর্তা, শিক্ষানুরাগীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আয়োজক সভাপতি ড০ অশোক সেন ও সচিব লালমিয়া লস্কর। এক বিবৃতিতে এখবর জানিয়েছেন সোসাইটির প্রচার সচিব ইকবাল বাহার লস্কর।



