India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় ভারত

ওয়েটুবরাক, ২২ ফেব্রুয়ারি: বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করতে চায় ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৈঠক সারলেন ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মা।
রবিবার বাংলাদেশের নতুন বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রথম বৈঠক করেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে গত দেড় বছরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বেশ কিছু ক্ষেত্রে টানাপড়েন সৃষ্টি হয়। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পরে দ্বিপাক্ষিক সম্পর্ক ফের মজবুত করতে আগ্রহী হয়েছে দু’দেশই। রবিবার বিকেলে খলিলুরের সঙ্গে প্রণয়ের সাক্ষাৎ সেটিই ফের স্পষ্ট করল বলে মনে করছেন অনেকে।
বৈঠকের পরে প্রণয় বলেন, “আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আজ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আমি আমাদের সেই অবস্থান পুনরায় স্পষ্ট করছি।”



