India & World UpdatesHappeningsCultureBreaking News
বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন প্রয়াত

কলকাতা : রবীন্দ্র ভুবনে ইন্দ্রপতন। প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। বুধবার সকালে ৭টা নাগাদ কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন।
রবীন্দ্রনাথের গানের সঙ্গে যাঁদের জীবন একাকার হয়ে গিয়েছিল, তাঁদের মধ্যে অর্ঘ্য সেন ছিলেন এক অনন্য উজ্জ্বল নক্ষত্র।১৯৩৫ সালের ১১ নভেম্বর, তৎকালীন বাংলার ফরিদপুরে (বর্তমান বাংলাদেশ) মামাবাড়িতে জন্মগ্রহণ করেন অর্ঘ্য সেন। আদি নিবাস খুলনার সেনহাটি গ্রামে। বাবা হেমেন্দ্রকুমার সেন ছিলেন কৃষিবিজ্ঞানের শিক্ষক, আর মা বিন্দুদেবী সংগীতের প্রতি গভীর অনুরাগী।
ছোটবেলা বাড়িতে রবীন্দ্র গানের পরিবেশেই বড় হয়েছেন। ফলে তাঁর সঙ্গীত শিক্ষা শুরু বাড়িতেই। পরে তিনি দেবব্রত বিশ্বাস ও অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে সঙ্গীতশিক্ষা নেন। রবীন্দ্রসংগীতের যে শুদ্ধ, নির্মল ও অন্তর্মুখী ধারা তা অর্ঘ্য সেনের কণ্ঠে যেন নতুন মাত্রা পেয়েছিল। তাঁর গাওয়া ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, ‘তুমি রবে নীরবে’, ‘পুরানো সেই দিনের কথা’ কিংবা ‘যদি তারে নাই চিনি গো’ প্রতিটি গানেই ছিল এক অপূর্ব সংযম ও গভীরতা। রবীন্দ্র সঙ্গীতের জন্যই তিনি ১৯৯৭ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন।
সঙ্গীতচর্চার পাশাপাশি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন-এ দীর্ঘদিন কাজ করেন। কিন্তু এরপরও রবীন্দ্র সঙ্গীতকে আঁকড়ে বেঁচেছিলেন তিনি। বাঙালির হৃদয়ে যতদিন রবীন্দ্রনাথ থাকবেন, ততদিন অর্ঘ্য সেনও থাকবেন নীরবে, চিরকালের মতো।



