India & World UpdatesHappeningsBreaking News
প্রয়াত কিংবদন্তি অভিনেতা আসরানি

ওয়েটুবরাক, ২১ অক্টোবর: প্রয়াত হলেন হিন্দি ছবির কিংবদন্তি অভিনেতা আসরানি। সোমবার বিকেল ৪টে নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন ‘শোলে’ ছবির দাপুটে জেলার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪।
কৌতুকাভিনেতা আসরানির পুরো নাম গোবর্ধন আসরানি। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। সত্তরের দশকে রমেশ সিপ্পির ‘শোলে’ ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আমজাদ খানের পাশাপাশি তাঁর অভিনীত জেলর চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তাঁর সংলাপ বহুদিন দর্শকের মুখে মুখে ফিরত। প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। পাঁচ দশকের অভিনয় জীবনে ইতি ঘটল।
সোমবার মৃত্যুর কয়েক ঘন্টা আগেও সমাজমাধ্যমে সবাইকে দীপাবলির উৎসবের শুভেচ্ছা জানান। অথচ নিজে অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি তাঁর স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়ে গিয়েছেন, তাঁর শেষকৃত্যে যেন প্রচুর মানুষ ভিড় না করেন। অভিনেতার শেষইচ্ছাকে সম্মান জানিয়েই ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনের উপস্থিতিতে মঙ্গলবার মুম্বইয়ে আসরানির শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৪০ সালে রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। সেখানেই সেন্ট জ়েভিয়ার্স স্কলে পড়াশোনা। প্রথাগত শিক্ষার শেষে পুণের ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। যাটের দশকের শুরুর দিকে তাঁর বলিউডে প্রবেশ। কেরিয়ারের প্রথম দিকে তিনি বহু জনপ্রিয় ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরের দিকে অধিকাংশ ছবিতেই তাঁকে কৌতুকাভিনেতা হিসেবেই দেখা গিয়েছে। অসামান্য দক্ষতা ও সময়জ্ঞানের মিশ্রণে ঘটিয়ে কৌতুকাভিনয়কে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন।



