Barak UpdatesHappeningsSportsBreaking News

মাতৃভূমি কাপের সেমিফাইনালে আর্জানপুর

ওয়েটুবরাক, ২৮ আগস্টঃ মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল টিএইচবি আর্জানপুর দল। বৃহস্পতিবার ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এল এইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাংকে সাডেন ডেথ-এ পরাস্ত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জানপুর দল ।

এদিন খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে টিএইচবি আর্জানপুর । খেলার ১৭ মিনিটে গোল করেন রাঙবাউল। দুদলের আক্রমণ ও পাল্টা আক্রমণে বেশ জমে ওঠে দ্বিতীয়ার্ধের ম্যাচ। প্রবল উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে এল এইচ স্পোর্টিংকে সমতায় ফেরান বিশাল। নির্ধারিত সময়ের শেষে দু দল ১-১ গোলে সমতায় থাকে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত। টাইব্রেকারের খেলায়ও দুদল সমতায় থাকে, শেষ পর্যন্ত সাডেন ডেথ-এ ৫-৪ গোলের ব্যবধানে বিজয়ী হয় আর্জানপুর।

 এদিন অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আর্জানপুর দলের খেলোয়াড় রাঙবাউল। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী রুদ্রেন্দু নাথ লস্কর, পঙ্কু নাথ, দীপক পাল, মিহির কান্তি ভট্টাচার্য, শিক্ষাবিদ মাখন সিংহ। এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, প্রবীণ বর্মণ ও কমরুজ্জামান লস্কর । চতুর্থ রেফারি হিসাবে উপস্থিত ছিলেন শামিম আহমেদ লস্কর। শুক্রবার কোনও খেলা নেই। শনিবার ৩০ আগস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান এফ.সি ও ভাগা এফ.সি দল পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker